Home » UEFA Champions League: দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান, অবশেষে বায়ার্নকে হারাল বার্সেলোনা

UEFA Champions League: দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান, অবশেষে বায়ার্নকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অক্টোবর: ৬ মে ২০১৫। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল বার্সেলোনা । তারপর ইউরোপ সেরার লড়াইয়ে মোট সাতবার মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রত্যেকবার জার্মানির ক্লাবের কাছে রীতিমত পর্যদুস্ত হতে হয়েছে স্পেনের ক্লাবকে। তারমধ্যে কোভিডের সময় ৮-২ ব্যবধানে হার কাতালান ক্লাবের ইতিহাসে সবথেকে বেদনাদায়ক মুহূর্ত। সেই ম্যাচে বায়ার্নের ডাগআউটে ছিলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। বায়ার্নের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন রবার্ট লেভানডস্কি। ২৩ অক্টোবর ২০২৪। বদলে গিয়েছে চিত্রটা। জার্মানির জাতীয় দল ঘুরে বর্তমানে ফ্লিক বার্সেলোনার দায়িত্বে। তাঁর প্রাক্তন শিষ্য লেভানডস্কিও রয়েছেন সেই দলে। আর বায়ার্নকে তাদের পুরোনো দুই অস্ত্রে  ঘায়েল করল পাঁচবারের ইউরোপ সেরারা।

শুধু জয় নয় বুধবার রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রীতিমত দাপট দেখাল কাতালানরা। ম্যাচের শুরুতে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে গতিতে বায়ার্নের হাইলাইন ডিফেন্সকে বোকা বানিয়ে ছিটকে বেরিয়ে যান। তারপর ঠান্ডা মাথায় বল জড়িয়ে দেন জালে। ১১ মিনিটে গোল শোধ করে দিয়েছিলেন বায়ার্নের হ্যারি কেন। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। ১৮ মিনিটে যদিও ইংরেজ ফুটবলারই ফের গোল করে খেলায় সমতা ফেরান। ৩৬ মিনিটে নিজের পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন লেভানডস্কি।  লোপেজের ঠিকানা লেখা পাস থেকে গোল করেন পোল্যান্ডের তারকা। প্রথমার্ধের শেষের দিকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রাফিনহা। মার্ক কাসাডোর ক্রস থেকে বল পেয়ে যান ব্রাজিলিয়ান উইঙ্গার। তারপর বায়ার্নের দুজন ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে গোল করেন।

আরও পড়ুন: Diego Forlan: ৪৫ বছরে টেনিসের আঙিনায় পা রাখতে চলেছেন ফুটবল বিশ্বকাপের সেরা এই ফুটবলার

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১১ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। এই গোলের কারিগর ল্যামিনে ইয়ামাল। তাঁর অসাধারণ পাস থেকে বল পেয়ে, বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন রাফিনহা। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা । অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্পার্টা প্রাহাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গুয়ার্ডিওলার শিষ্যরা। জোড়া গোল করেছেন আরলিং হালান্ড। জয় পেয়েছে লিভারপুলও। লিপজিগকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্নে স্লটের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ডারউইন নুনেজ।

About Post Author