স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ অক্টোবরঃ একটা সময় ফুটবল মাঠে বিপক্ষের বাঘা বাঘা ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়েছেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। জিতেছিলেন সেরা পুরস্কারের খেতাবও। ক্লাব ফুটবলেও খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান-সহ ইউরোপের একাধিক প্রথম সারির ক্লাবে। ২০১৪ সালে জাতীয় দল থেকে অবসরের পর খেলে গিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগেও। উরুগুয়ের প্রাক্তন সেই বিশ্বকাপার দিয়েগো ফোরলান এ বার নাম লেখাতে চলেছেন পেশাদারী টেনিস দুনিয়ায়।

জানা গিয়েছে, আসন্ন উরুগুয়ে ওপেনে খেলার ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন ফোরলান । তবে সিঙ্গেলস বিভাগে নয়। ৪৫ বছরের উরুগুয়ের প্রাক্তন ফুটবলারকে দেখা যাবে ডাবলসে। সেখানে তিনি জুটি বাঁধবেন আর্জেন্টিনার টেনিস খেলোয়াড় ফেদেরিকো কোরিয়ার সঙ্গে। গত বছর থেকে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দেন ফোরলান। বেশ কিছু অপেশাদারী ম্যাচে পেয়েছেন অপ্রত্যাশিত সাফল্য। সেটাকেই পুঁজি করে পেশাদারী টেনিসের আঙিনায় পা রাখছেন উরুগুয়ের প্রাক্তন ফুটবলার। প্রতিযোগিতার ডিরেক্টর দিয়েগো লোপেজ এই খবরে মান্যতা দিয়েছেন। তিনি জানিয়েছেন উরুগুয়ে ওপেনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ফোরলানকে। তিনি সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন।
আরও পড়ুনঃ East Bengal: ইন্ডিয়ান সুপার লিগে ‘হারের হেক্সা’ ইস্টবেঙ্গলের
২০১৯ সালে পেশাদারী ফুটবল বুট তুলে রাখেন দিয়েগো ফোরলান। তারপর থেকে তিনি টেনিসে মনোনিবেশ করেন। একটা সময় তাঁর বাবা পেশাদারী ফুটবল থেকে অবসরের পর টেনিসের আঙিনায় পা রেখেছিলেন। সেই পথেই হাঁটতে চলেছেন দিয়েগো। তবে নিছক আমন্ত্রণে সাড়া দিতে নয়, বরং উরুগুয়ে ওপেনে প্রতিপক্ষকে হারাতে চান উরুগুয়ের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার