Home » Bangladesh vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মীরপুর টেস্টে ধরাশায়ী বাংলাদেশ

Bangladesh vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মীরপুর টেস্টে ধরাশায়ী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অক্টোবরঃ ভারতের মাটিতে টেস্ট সিরিজে চুনকামের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে হয়েছে। তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজকে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু কোথায় কী! হার দিয়েই সিরিজ শুরু করতে হল তাঁদের। মীরপুর টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশ ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে নিজের দেশে প্রবেশ করার অনুমতি পাননি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তাঁকে প্রথম টেস্টের দলে প্রথমে রাখলেও, কিছুটা চাপের মুখে বাধ্য হয়ে বাদ দিতে হয়। সাকিব ছাড়া বাংলাদেশ দলও ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল। টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রান তোলে আয়োজকরা। রাবাডা-মহারাজদের দাপুটে বোলিংয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ওপেনার মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৩০ রান করেন। তিনি ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র তিনজন।

আরও পড়ুনঃ ACC Emerging Asia Cup: যুব এশিয়া কাপে দাপুটে জয় ভারতের, ওমানকে হারাল তিলকবাহিনী

জবাবে বল হাতে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। একটা সময় ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই পরিস্থিতিতে সফরকারী দলকে প্রায় নিজের কাঁধে টানেন কাইল ভেরেইনে। ১১৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৩০৮ রানে। ২০২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেন শান্তরা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের উপর চাপ তৈরি করতে বড় ইনিংস ও বড় রানের জুটির দরকার ছিল। কিন্তু রাবাডার বিধ্বংসী বোলিংয়ে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় বাংলাদেশকে। মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ৫৮ রানের মাথায় জাকের ফিরতে আবারও চাপে পড়ে যায় বাংলাদেশ। তবুও কোনও রকমে টিকে ছিলেন মিরাজ। কিন্তু ৯৭ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন রাবাডা। ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রাবাডা একাই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১০৬ রান। তিন উইকেট হারিয়ে সেই রান তুলে নেন আইডেন মার্করামরা। মাত্র সাড়ে তিন দিনের মাথায় মীরপুর টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল ব্ল্যাকক্যাপসরা।    

About Post Author