Home » মাদারিহাট উপনির্বাচন : বারলা -নানুর আলাপচারিতায় কি নতুন সমীকরণ?

মাদারিহাট উপনির্বাচন : বারলা -নানুর আলাপচারিতায় কি নতুন সমীকরণ?

সানী রায়, সময় কলকাতা, ২৫ অক্টোবর : নভেম্বর মাসের ১৩ তারিখে উপনির্বাচন। রাজ্যের ছটি কেন্দ্রের  মধ্যে রয়েছে মাদারিহাট উপনির্বাচন। আর এখানে নিত্যনতুন সমীকরণ তৈরি হচ্ছে। এবার বারলার বাড়িতে নির্দল প্রার্থী নরেশ চন্দ্র শৈব! প্রশ্ন উঠেছে, নতুন কোনও সমীকরণ মাদারিহাটে?

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার সঙ্গে দেখা করলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ চন্দ্র শৈব ওরফে নানু। বৃহস্পতিবার বারলার লক্ষীপাড়া চা বাগানের বাড়িতে আসেন নরেশ। সেখানে দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। সাক্ষাৎ শেষে বারলা বলেন, ‘নরেশও আমাদেরই লোক। সবার মত ওর প্রতিও আশীর্বাদ রয়েছে।’

বারলার বাড়িতে নরেশের আগমনে চা বলয়ের রাজনৈতিক মহলে এদিন সকাল থেকে শুরু হয় জল্পনা। তবে সব জল্পনায় জল ঢেলে সাংবাদ মাধ্যমের সামনে নরেশ চন্দ্র শৈব বলেন, ‘আমি বিজেপিতেই আছি। তবে দলের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তা আমাদের সমর্থকদের পছন্দ নয়। কীভাবে তিনি প্রার্থী হলেন তাও কারও জানা নেই। মানুষের দাবি মোতাবেক নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমর্থন আছে।’

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার জন বারলার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্ট । তাঁদের সঙ্গে বৈঠকের পর বারলা বলেছিলেন, ‘মাদারিহাটে নির্দল বা বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাঁরা প্রত্যেকেই আমার কাছের মানুষ। সুতরাং আলাদাভাবে কারও হয়ে প্রচার করা সম্ভব নয়।’ আবার গত মঙ্গলবার বারলার সঙ্গে দেখা করে গিয়েছিলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহারও। সব মিলিয়ে বলা যেতে পারে মাদারিহাট কেন্দ্রে এখন বারলা কেন্দ্রীক রাজনীতি জমজমাট।

মাদারিহাট উপনির্বাচন   #মাদারিহাট উপনির্বাচন

আরও পড়ুন Priyanka Gandhi: নতুন ইনিংস প্রিয়াঙ্কার, মা সনিয়া-ভাই রাহুলকে নিয়ে ওয়েনাডে মনোনয়ন জমা দিলেন রাজীব-কন্যা

About Post Author