স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ অক্টোবরঃ উয়েফা ইউরোপা লিগে ফের পয়েন্ট নষ্ট ম্যানচেস্টার ইউনাই়টেডের। বৃহস্পতিবার রাতে তুরস্কের ক্লাব ফেনারবাচের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল এরিক টেন হ্যাগের দল। ১৫ মিনিটের মাথায় মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তুরস্কের দলের হয়ে গোল শোধ করেন ইউসুফ এন নাসিরি। প্রাক্তন দলের বিরুদ্ধে ম্যাচের মাঝে মেজাজ হারিয়ে লালকার্ড দেখলেন ফেনারবাচে কোচ হোসে মরিনহো ।

একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব সামলিয়েছেন বিশ্বফুটবলের অন্যতম সফল কোচ হোসে মরিনহো । তাঁর কোচিংয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের ক্লাবটি। সেই পর্তুগিজ কোচ বৃহস্পতিবার বর্তমান ক্লাব ফেনারবাচের হয়ে ডাগআউটে উপস্থিত ছিলেন। ফলে ফুটবলপ্রমীদের এই ম্যাচের দিকে বাড়তি নজর ছিল। খাতায় কলমে যদিও ইংল্যান্ডের ক্লাবে সঙ্গে কোনও তুলনাই চলে না তুরস্কের অন্যতম সফল ক্লাবের। ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ভাল খেললেও, ইউরোপীয় ফুটবলে তাঁদের উপস্থিতির বিশেষ টের পাওয়া যায়না। সেইরকম একটি দলকে নিয়ে ইউনাইটেডের মত শক্তিশালী দলকে রুখে দেওয়া মুখের কথা নয়। কিন্তু কোচের নাম হোসে মরিনহো হলে সবই সম্ভব। সেটাই আরও একবার প্রমাণ করলেন তিনি। এই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারত মরিনহোর দল। কিন্তু দুই অর্ধ মিলিয়ে ইউনাইটেডের গোলপোস্টের তলায় অনবদ্য খেলেন আন্দ্রে ওনানা। ফেনারবাচের একের পর এক আক্রমণ রুখে দেন তিনি। নিঃসন্দেহে এ দিন ম্যাচের সেরা ইউনাইটেডের গোলরক্ষক। তিনি না থকলে হয়তো ইস্তাম্বুল থেকে এক পয়েন্ট নিয়েও ফেরা হত না এরিক টেন হ্যাগদের।
শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচ শেষ হলেও তা পুরো দেখে ডাগআউট ছাড়তে পারেননি ফেনারবাচের অভিজ্ঞ কোচ। দ্বিতীয়ার্ধে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। যা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দিয়েছেন মরিনহো। অভিযোগের সুরে তিনি বলেন, ‘রেফারিকে আমি অভিনন্দন জানাই। তাঁর চোখের শক্তি খুব প্রখর। তিনি আমাকে বলেন একই সময় মাঠের ভিতরে ও বাইরে চলা ঘটনা তিনি দেখতে পান। যা অবিশ্বাস্য।’ পাশাপাশি নিজের পুরনো দলকে একহাত নিতেও ছাড়েননি। তিনি বলেন, ‘গোলরক্ষকের জন্য রক্ষা পেয়ে গিয়েছে ইউনাইটেড। কিন্তু আমাদের দলের গোলরক্ষককে সেরকম কিছুই করতে হয়নি।’


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর