Home » IPL 2024-25: আইপিএলে দল না পাওয়া সেরা একাদশ, কারা রয়েছেন তালিকায়?

IPL 2024-25: আইপিএলে দল না পাওয়া সেরা একাদশ, কারা রয়েছেন তালিকায়?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ নভেম্বরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম শেষ। ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেড্ডায় বসেছিল বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলামের মেগা আসর। সেখানে নিজেদের সাধ্যমত দল গুছিয়ে নিয়েছে আইপিএলের দশ দল। মোট ১৮২ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করা হয়েছে দু’দিনের মেগা নিলামে । তাঁদের মধ্যে ৬২ জন ক্রিকেটার ভারতীয়। বাকি ১২০ জন বিদেশী রয়েছে। সব দল মিলিয়ে খরচ হয়েছে মোট ৬৩৯.১০ কোটি টাকা।

আসন্ন আইপিএলের সব থেকে দামী ক্রিকেটার ঋষভ পন্থ। গত মরশুমে দিল্লির অধিনায়ককে প্রায় ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ সুপার জায়ান্ট। খুব পিছিয়ে নেই গতবার কলকাতার আইপিএল জয়ী অধিনায়ক শ্রয়স আয়ার। তাঁকে প্রায় ২৬.৭৫ কোটি টাকায় নিয়েছে পঞ্জাব। বিদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জস বাটলার। ১৫.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে গুজরাট। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১ কোটি ১০ লাখ টাকা পেয়ে নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। তবে প্রতি বছরের মত এ বারের মেগা নিলামে বেশ কিছু নামী ক্রিকেটার অবিক্রিত রয়ে গিয়েছেন। সময় কলকাতা তাঁদের নিয়ে তৈরি করল একটি একাদশ।

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)- প্রথমেই নাম আসবে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ডেভিড ওয়ার্নারের। একদিন ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে তিনবারের সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার। গত মরশুমে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। কিন্তু এ বার সৌরভের দলে জায়গা হয়নি ওয়ার্নারের। কিন্তু এখনও আইপিএলে ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

মায়াঙ্ক আগারওয়াল- টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞ। টপ-অর্ডারে যে কোনও দলকে ভরসা দিতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। ২০২২ সালের আইপিলের আগে পাঞ্জাব কিংস ছেড়ে যাওয়ার পরে ভারতীয় ব্যাটার বেশি সুযোগ পাননি। গত দুই মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন। তবে মাত্র চার ম্যাচে মাঠে নামেন। 

জনি বেয়ার্স্ট্রো- আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো। আইপিএলে একাধিক ধ্বংসাত্মক ইনিংস উপহার দিয়েছেন।  ইনিংস শুরু করার পাশাপাশি মিডল অর্ডারেও খেলতে পারেন জনি। অতীতে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৮৯ রান। স্ট্রাইক-রেট ১৪৪.৪৫।

সরফরাজ খান- এটা দুর্ভাগ্যজনক যে দল আইপিএলের মেগানিলামে দল পেলেন না সরফরাজ খান। বেসপ্রাইস ৫০ লাখ এবং ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে একটি যুগান্তকারী মরশুম কাটানোর পরও তাঁকে কোনও দল দলে নেয়নি। ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষবার আইপিএল খেলেন সরফরাজ। মুম্বইয়ের ব্যাটার ২০১৫ সালে বেঙ্গালুরুর দলে থাকলেও নিজেকে এই মঞ্চে প্রমাণ করতে পারেননি।

আরও পড়ুনঃ Bajrang Punia: বিপাকে বজরং, চারবছরের জন্য নির্বাসিত ভারতের অলিম্পিক্স পদজয়ী কুস্তিবিদ

ড্যারিল মিচেল- বিশ্বের আগ্রাসী ব্যাটরদের মধ্যে অন্যতম ড্যারিল মিচেল । কিউয়ি এই ব্যাটারকে দলে পেতে অনেক দল আগ্রহ দেখাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু নিলামের শেষে তিনিও অবিক্রিত রয়ে গিয়েছেন। তবে এই ফরম্যাটের ক্রিকেটে যে কোনও দিন ম্যাচে ভাগ্য বদলে দিতে পারেন।

শার্দূল ঠাকুর- একটি দলের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় একজন পেস বোলিং অলরাউন্ডারকে। যাইহোক, উভয় বিভাগেই পারদর্শী শার্দুল ঠাকুর। কিন্তু বেসপ্রাইস ২ কোটি দিয়ে তাঁকে দলে নেয়নি কোনও দল। গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে মাত্র পাঁচটি উইকেট নিয়েছিলেন।  

পীযূশ চাওলা- আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা স্পিনার পীযূশ চাওলা। ১৯২ ম্যাচে ১৯২ উইকেট পেয়েছিলেন  ৩৫ বছর বয়সি ভারতীয় স্পিনার। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছেন। শেষ দু’টি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও এ বার দল পাননি তিনি।

উমেশ যাদব- আইপিএলে খেলা অভিজ্ঞ পেসারদের মধ্যে অন্যতম উমেশ যাদব।  ২০১০ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিতে সুনামের সঙ্গে খেলেছেন। কিন্তু এ বার আর দল পেলেন না উমেশ।  আইপিএলে গত মরশুমে খেলেন গুজরাত টাইটান্সে‌র হয়ে। সাত ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। আইপিএলে মোট ১৪৮ ম্যাচে ১৪৪ উইকেট রয়েছে উমেশেক ঝুলিতে।  

চেতন সাকারিয়া- গত মরশুমে অনেক আশা করে সৌরাষ্ট্রের বাঁ-হাতি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ৫০ লাখ টাকায় তাঁকে নিলেও নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি সাকারিয়া। এ বারের আইপিএলে তাঁকে নেওয়ার ব্যাপারে কোনও দল আগ্রহ দেখায়নি।

মুস্তাফিজুর রহমান- মেগা নিলামে  দল পাননি  বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে দুর্দান্ত ইয়র্কার করার ক্ষমতা রয়েছে তাঁর। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলার জন্য টুর্নামেন্টের মাঝে দেশে ফিরে গিয়েছিলেন। আইপিএলে  খেলেছেন মোট ন’টি ম্যাচ। পেয়েছেন ১৪ উইকেট। গড় ১৪.৭১।

About Post Author