Home » Mamata Banerjee: “মেনে নিতে পারি না…” বাংলাদেশ নিয়ে কেন্দ্রের পাশে মমতা

Mamata Banerjee: “মেনে নিতে পারি না…” বাংলাদেশ নিয়ে কেন্দ্রের পাশে মমতা

সময় কলকাতা ডেস্ক, ২৮ নভেম্বরঃ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ইউনুস সরকারের বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন তিনি। পড়শি রাজ্যের পরিস্থির দিকে নজর রাখছে নয়াদিল্লিও। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে তাও মানা হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

রাজ্য বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। সেখানে বক্তব্য রাখার সময় মমতা বলেন, দেশের ব্যাপারে কথা বলার এক্তিয়ার নেই। পড়শি দেশে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলেন, “অত্যাচার যে ধর্মের ওপর হোক, আমরা কখনওই তা মেনে নিতে পারি না।” পাশাপাশি তিনি জানিয়ে দেন, কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দু’বার টেলিফোনে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবিষয়ে যা সিদ্ধান্ত নেবে  রাজ্য তা মেনে নেবে।

আরও পড়ুনঃ Arjun Singh: বিশেষ চশমায় ভবানী ভবনে অর্জুন, আবারও তুললেন ষড়যন্ত্রের তত্ত্ব

বুধবার দিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনের জন্য দিল্লিতে রয়েছেন তিনি। সংবাদমাধ্যমে তিনি বলেন, “যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক।” শুধু তাই নয় তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, দল তাকে সমর্থন করবে। বৃহস্পতিবার বিধানসভায় প্রায় একই কথা শোনা গেল মমতার গলায়।

About Post Author