Home » Arjun Singh: বিশেষ চশমায় ভবানী ভবনে অর্জুন, আবারও তুললেন ষড়যন্ত্রের তত্ত্ব

Arjun Singh: বিশেষ চশমায় ভবানী ভবনে অর্জুন, আবারও তুললেন ষড়যন্ত্রের তত্ত্ব

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ নভেম্বরঃ পুরসভায় দুর্নীতি সংক্রান্ত মামলায় দ্বিতীয় বারের জন্য সিআইডি দফতরে অর্জুন সিং। বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিলেন বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এ দিন তাঁর চোখে দেখা গেল বিশেষ ধরনের চশমা। হাতে ছিল জলের বোতল। সেখানে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন অর্জুন।

চলতি মাসেই টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। পরে সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের দাপুটে নেতা। তিনি বলেছিলেন তাঁকে রাসায়নিক বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন অর্জুন। বৃহস্পতিবার ভবানী ভবনের উদ্দেশে রওনা দেওয়ার আগে অবশ্য দাবি করেন, যে তিনি ভয় পাচ্ছেন না। অর্জুন জানিয়েছেন ‘‘ভয়ের কিছু নেই। আমার কাছে অভিযোগের স্বপক্ষে সব তথ্য রয়েছে। এটা রয়েছে তা আমি প্রমাণ করে দেব। সকলে জানে পৃথিবীতে এ রকম একাধিক বার ঘটেছে। এই বিষক্রিয়ার প্রতিক্রিয়া দশদিনের মধ্যে হবে না। তিন মাসের মধ্যে রিঅ্যাকশন বোঝা যাবে। পরবর্তী সময় কোর্টে প্রমাণ করতে গেলে তো টেস্ট করাতেই হত। আমি সেটাই করেছি।’’ এ দিনও প্রাণে মারার আশঙ্কা করেছেন অর্জুন। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সিআইডি দলদাসে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তাই পুলিশ ও সিআইডিকে দিয়ে এ সব করাচ্ছেন। কিন্তু এ সব করে লাভ নেই। সকলেই জানে ২০২৬ সালে উনি আর ক্ষমতায় আসবেন না।’’

আরও পড়ুনঃ Sheikh Hasina: চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হাসিনা, কী বললেন বঙ্গবন্ধু কন্যা?

প্রসঙ্গত, দীর্ঘ দশ বছর তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে তিনি দলবদল করেন। ঘাসফুল ছেড়ে নাম লেখান পদ্মফুল শিবিরে। তার পরেই পুরসভার সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছিল সিআইডির আর্থিক অপরাধ দমন শাখা। ২০২১ সালে এই মামলায় অর্জুনকে প্রথম তলব করা হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অর্জুন। পরে অবশ্য তিনি ফিরে যান তৃণমূলে। যদিও বেশি দিন থাকতে পারেননি। চব্বিশের লোকসভা ভোটের আগে আবারও শিবির বদলে বিজেপিতে ফেরেন অর্জুন। টেন্ডার দুর্নীতি মামলায় ফের অর্জুনকে তলব করা হয়।চলতি মাসেই সেই সিআইডির সদর দফতর ভবানী ভবনে হাজিরা দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তখন তিনি অভিযোগ করেন, রাশিয়ার রাসায়নিক ‘স্প্রে’ করে তাঁকে হত্যার চক্রান্ত করা হচ্ছে। শারীরিক পরীক্ষাও করান তিনি। সব মিলিয়ে ১৪টি টেস্ট হয়েছে। সেই ঘটনার পর চোখে ‘বিশেষ’ চশমা’ পরে ফের সিআইডি দফতরে হাজিরা দিলেন অর্জুন।

About Post Author