স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ নভেম্বরঃ চ্যাম্পিয়ন্স লিগে নতুন নজির গড়লেন অ্যাঞ্জেল দি মারিয়া। গোলের বল বাড়ানোর ক্ষেত্রে উঠে এলেন দ্বিতীয় স্থানে। পিছনে ফেললেন স্বদেশীয় সতীর্থ লিওনেল মেসিকে । তাঁর সামনে রয়েছেন প্রাক্তন ক্লাবের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর মাত্র একটি গোলের পাস বাড়ালেই পর্তুগিজ মহাতারকাকে ছুঁয়ে ফেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর।

বিশ্বফুটবলে অন্যতম সফল ফুটবলারের নাম অ্যাঞ্জেল ডি মারিয়া। ক্লাব ও দেশের হয়ে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন তিনি। প্রবাদ রয়েছে বড় ম্যাচে নাকি কথা বলে তাঁর বাঁ-পা। ৩৬ বছরেও তিনি যে খেলা কে উপভোগ করছেন আরও একবার প্রমাণ দিলেন। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের ক্লাব মোনাকোর মুখোমুখি হয়েছিল দি মারিয়ার বর্তমান ক্লাব বেনফিকা। যদিও এই বেনফিকাতে খেলেই একটা সময় নজড়ে পড়েছিলেন তিনি। নিজের পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে আবারও পুরনো ক্লাবে ফিরেছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাঁর দল ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্সের ক্লাবকে। সেই জয়ে বড় ভূমিকা নেন দি মারিয়া। প্রথমার্ধের শেষে তাঁর দল পিছিয়ে ছিল ০-১ গোলে। বিরতির পর সমতায় ফেরে বেনফিকা। যদিও ৬৭ মিনিটে আরও একবার এগিয়ে গিয়েছিল মোনাকো। একটা সময় যখন মনে হয়েছিল হেরে মাঠ ছাড়তে হবে পর্তুগালের ক্লাবকে। তখনই জ্বলে ওঠেন মারিয়া। ছয় মিনিটের মধ্যে দুটি গোলের পাস বাড়ান সতীর্থকে। প্রথম পাস থেকে গোল করে সমতায় ফেরান আর্থার ক্যাব্রাল। দ্বিতীয় পাস থেকে গোলটি করেন জেকি আমদুনি। সেই গোলেই শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে বেনফিকা। আর চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলের সহায়কে নিজের নাম তুলে ফেললেন মারিয়া।
আরও পড়ুনঃ UEFA_Europa_League: আমোরিমের জমানায় প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
এই নিয়ে মোট ৪১ টি গোলের পাস বাড়িয়েছেন দি মারিয়া। মেসির গোলের পাসের সংখ্যা ৪০ টি। তবে মেসি ১৬৩ ম্যাচ খেলেছিলেন সেই সংখ্যায় পৌঁছতে। কিন্তু মাত্র ১১২ ম্যাচে মেসিকে টপকে গেলেন দি মারিয়া। এখন তাঁর সামনে রয়েছেন একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৮৩ ম্যাচ খেলে যিনি গোলের পাস বাড়িয়েছেন ৪২ টি। অর্থাৎ আর একটি গোলের পাস বাড়ালেই দি মারিয়ে ছুঁয়ে ফেলবেন তাঁর রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থকে। বর্তমানে মেসি ও রোনাল্ডো দুজনেই চ্যাম্পিয়ন্স লিগে নেই। ফলে দি মারিয়ার সর্বোচ্চ গোল সহায়ক হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের