Home » Syed Mushtaq Ali Trophy: রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে বাংলা

Syed Mushtaq Ali Trophy: রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে বাংলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ ডিসেম্বরঃ কঠিন বাঁধা সহজে পেরিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে বাংলা। বৃহস্পতিবার এ গ্রুপের শেষ ম্যাচে তারা হারিয়ে দিল রাজস্থানকে। ব্যাট হাতে আবারও রান পেলেন অভিষেক পোড়েল। বল হাতে দলকে নেতৃত্ব দিলেন মহম্মদ শামি। তাঁদের দাপটে ৭ উইকেটে জয় তুলে নিল লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা।

সরাসরি সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে পৌঁছতে রাজস্থানকে হারাতে হত বাংলাকে। যদিও কাজটা খুব সহজ ছিল না। প্রথম পাঁচটি ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে ছিল রাজস্থান। যদিও শেষ ম্যাচে তারা পঞ্জাবের বিরুদ্ধে হেরে যায়। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি।

শুরুটা দুরন্ত করেন মহম্মদ শামি। প্রথম ওভারে বিপক্ষের ওপেনার অভিজিৎ তোমারকে ফিরিয়ে দেন তিনি। পঞ্চম ওভারে ভরত শর্মাকে ফেরান সায়ন ঘোষ। পরের ওভারে দীপক হুডার উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ। চাপে পড়ে যায় রাজস্থান। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন কার্তিক শর্মা ও অধিনায়ক মোহিপাল লোমর। ৮৪ রানের জুটি গড়েন দুজনে। থিতু হওয়া জুটি ভাঙেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৩৭ বলে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন রাজস্থান অধিনায়ককে। পরের ওভারে কার্তিকের উইকেট নেন শাহবাজ। ২৯ বলে ৪৬ রান করেন রাজস্থানের ব্যাটার। শেষের দিকে শামি ও সায়নের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বিপক্ষ ব্যাটার। ২০ ওভারে ১৫৩ রানে থামে তাঁদের ইনিংস। শামি ৩, শাহবাজ ও সায়ন ২ টি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ Premier League: ফরেস্টকে হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি, নিউক্যাসলে আটকে গেল লিভারপুল

রান তাড়া করতে নেমে প্রথম থেকে দ্রুত রান তুলতে থাকে বাংলার দুই ওপেনার। কিন্তু ওভারের শেষ বলে অনিকেত চৌধুরির বলে মারতে গিয়ে আউট হন করণ লাল। তারপরেও চাপে পড়েনি বাংলা। দ্বিতীয় উইকেটে বড় রানের জুটি গড়েন অভিষেক পোড়েল ও সুদীপ কুমার ঘরামি। ১১১ রানের জুটি গড়েন দুজনে। ৪৮ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিষেক। মারেন ৭ চার ও ৪ ছয়। পরের ওভারে আউট হন সাকির গান্ধি। শেষের দিকে শাহবাজ আহমেদকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান বাংলার অধিনায়ক। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন সুদীপ। ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন শাহবাজ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। 

About Post Author