Home » Premier League: ফরেস্টকে হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি, নিউক্যাসলে আটকে গেল লিভারপুল

Premier League: ফরেস্টকে হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি, নিউক্যাসলে আটকে গেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ নভেম্বরঃ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরল ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। গোল করলেন বের্নাডো সিলভা, কেভিন ডি’ব্রুইনা ও জেরেমি ডোকু। লিগের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করেছে লিভারপুল। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়েছে ৩-৩ গোলে। দশজনের সাউদাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

বুধবার ঘরের মাঠ ইতিহাদে দুর্বল নটিংহামের বিরুদ্ধে দাপট দেখিয়ে শুরু করে গতবারের প্রিমিয়ার লিগজয়ীরা। ৬ মিনিটের মাথায় ডি ব্রুইনা-হালান্ড যুগলবন্দীতে প্রথম গোল প্রায় পেয়েই গিয়িছল তারা। কিন্তু চমৎকার রিফ্লেক্সে সেই বল বাঁচিয়ে দেন ফরেস্ট গোলরক্ষক। যদিও দু’মিনিট পরেই গোলের খাতা খোলে আকাশী জার্সিধারীরা। গুন্ডোয়ানের ক্রস থেকে ডি ব্রুইনার গোলমুখী হেডে পা ঠেকিয়ে দলকে এগিয়ে দেন বের্নাডো সিলভা। এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ১৭ মিনিটের মাথায় গোল শোধের সুযোগ পেয়ে গিয়েছিল ফরেস্ট। বক্সের মধ্যে থেকে গোল লক্ষ্য করে জোরালো শটও নিয়েছিলেন মর্গান গিবস হোয়াইট। কিন্তু সেই শটকে অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন সিটি গোলরক্ষক ওর্তেগা। গত কয়েকটি ম্যাচে  সিটিকে ভুগিয়েছে রক্ষণভাগ। এদিনও ব্যতিক্রম ঘটেনি। তবে গোলপোস্টের তলায় এই ম্যাচে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন ওর্তেগা। ৩১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে আয়োজকরা। ডোকুর বাড়ানো পাস থেকে গোল করেন ডি ব্রুইনা। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ৫৭ মিনিটে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন জেরেমি ডোকু। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুনঃ Premier League: Premier League: সেটপিস থেকে জোড়া গোল, ইউনাইটেডের বিরুদ্ধে জয় আর্সেনালের

লিগের অন্য একটি ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধে আটকে গেল শীর্ষে থাকা লিভারপুল। দুই দলের হাড্ডহাড্ডি লড়াই শেষ হল ৩-৩ গোলে। আলেক্সান্ডার ইসাকের গোলে প্রথমার্ধের শেষে পিছিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল শোধ করে দেন কার্তিস জোন্স। ৬২ মিনিটে আবারও পিছিয়ে পড়ে লিভারপুল। নিউক্যাসলকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। তারপর জোড়া গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। চলতি মরশুমে ১৩ গোল ও ৮ অ্যাসিস্ট হয়ে গেল মিশরীয় তারকার।  নির্ধারিত সময়ের শেষদিকে গোল করে লিভারপুলের থেকে দু পয়েন্ট ছিনিয়ে নেন ফাবিয়ান শার।

সাউদাম্পটনের বিরুদ্ধে বড় জয় পেয়েছে চেলসি। সেন্ট মেরি স্টেডিয়ামে ৫-১ গোলে জিতে লিগ শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে এনজো মারেস্কার ছেলেরা। ম্যাচের শুরুতে গোল করে লণ্ডনের ক্লাবকে এগিয়ে দেন অ্যাক্সেল দেসাই। যদিও সেই গোল চারমিনিটের মধ্যে শোধ করে দেন জো আরিবো। ১৭ মিনিটে ক্রিস্টোফার এনকুঙ্কুর গোলে আবারও এগিয়ে যায় চেলসি। ৩৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন নোনি মাদুয়েকে। ৩৯ মিনিটে জ্যাক স্টিফেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনে হয়ে যায় আয়োজকরা। সেই সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে আরও দু’গোল করে চেলসি। ৭৬ মিনিটে দলের চতুর্থ গোল করেন কোল পামার। এগারো মিনিট পর পঞ্চম গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেকটু পুঁতে দেন জেডন স্যাঞ্চো।

About Post Author