স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ ডিসেম্বরঃ ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম । টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম এগারো হাজার রানের মালিক হলেন তিনি। ছাপিয়ে গেলেন দ্য ইউনিভার্স বস ক্রিস গেইলকেও। তবে বাবরের নজিরের দিনেও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ ও সিরিজ হারতে হয়েছে তাঁর দলকে।

সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার করেছেন মোট ১৪,৫৬২ রান। তবে ১১ হাজার রানের ক্লাবে পৌঁছতে ৩১৪ ইনিংস নিয়েছিলেন উইন্ডিজ কিংবদন্তী। সেখানে নিজের ২৯৯ ইনিংস খেলেই ১১ হাজার রানের মালিক হলেন বাবর। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ টি শতরান ও ৯০টি অর্ধশতরান করেছেন ৩০ বছরের পাক ব্যাটার। শুক্রবার সেঞ্চুরিয়নে তাঁর করা ৩১ রানের ইনিংস পিছনে ফেলে দিল ক্রিকেটের দ্য ইউনিভার্স বসকে। তিনশোর কম ম্যাচ খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রান করা একমাত্র ক্রিকেটার বাবর। টি-টোয়েন্টি সংস্করণে দ্রুততম সাত, নয় ও দশ হাজার রানের মালিকও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। যিনি ৫০৫ ইনিংসে করেছেন ১৩,৪১৫ রান।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy 2024: গাব্বায় ফিরছেন হ্যাজেলউড, বাদ পড়তে চলেছেন অ্যাডিলেড টেস্টের নায়ক
তবে বাবরের মাইলস্টোন স্পর্শের দিনেও হারতে হয়েছে পাকিস্তানকে। সেঞ্চুরিয়নে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তোলেন মহম্মদ রিজওয়ানরা। ৫৭ বলে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলেন পাক ওপেনার সায়িম আয়ূব। তারপরে দলের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম । ২০ বলে ৩১ রান করেন তিনি। শেষের দিকে ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইরফান খান নিয়াজি। ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার রিজা হেনড্রিক্স। ৬৩ বলে ১১৭ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৭ টি চার ও ১০ টি ছয়। তিনি ছাড়াও মিডল অর্ডারে রান পেয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। ৩ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে তিনি করেন ৩৮ বলে ৬৬ রান।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত