স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ ডিসেম্বরঃ আশঙ্কাই সত্যি হল। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলায় বাধ সাধল বৃষ্টি। প্রাথমিকভাবে ১৩.২ ওভার খেলার পর আর বলই গড়াল না গাব্বায়। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও খারাপ খবর। আর সেটা দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে আগামী চার-পাঁচদিন এক নাগারে বৃষ্টি পড়তে পারে ব্রিসবেনে। ফলে গাব্বা টেস্টের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার দিনের শুরুতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় টেস্টে প্রথম একাদশে জোড়া পরিবর্তন করে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ও হর্ষিত রাণার পরিবর্তে প্রথম একাদশে রাখা হয় রবীন্দ্র জাদেজা ও আকাশ দীপকে। অন্যদিকে প্রত্যাশা মত অস্ট্রেলিয়া দলে ফেরেন জস হেজেলউড। তবে টসের সময় ব্রিসবেনের মেঘলা আকাশ চিন্তায় রাখে দুই পক্ষকেই। দুই ওপেনার উসমান খোয়াজা ও নাথান ম্যাকসুইনির ব্যাটিংয়েও তার ছাপ পড়ে। প্রথম দশ ওভারে মাত্র ২৫ রান তোলেন দুই ওপেনার। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। বিশেষ করে মহম্মদ সিরাজ। যে লেংথে বল করে দুই ব্যাগি গ্রিন ওপেনারকে তাঁরা সমস্যায় ফেলতে পারতেন, তা তাঁরা করলেন না। গাব্বার সবুজ পিচ পেস বোলারদের পক্ষে আদর্শ। কিন্তু সেখানে প্রথম দিকে সুইং করাতেই পারছিলেন না সিরাজ। তাঁর পরিবর্তে আকাশ দীপ বল পেয়ে কিছুটা চেষ্টা করলেন কিন্তু প্রথম উইকেটের জুটি ভাঙতে পারলেন না তাঁরা। ১৩.২ ওভার বল গড়ানোর পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়। মধ্যাহ্নভোজের পরও বরুণদেব সদয় না হওয়ায় খেলা শুরুই করা যায়নি। স্থানীয় সময় বিকেল সোয়া চারটে পর্যন্ত অপেক্ষা করা হলেও প্রাকৃতিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করে দেন আম্পায়ার। দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে তুলেছে ২৮ রান। খোয়াজা ১৯ ও ম্যাকসুইনি ৪ রান করে পিচে রয়েছেন।
আরও পড়ুনঃ Babar Azam: ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া নজির বাবরের
দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে খেলা শুরু হবে বলে জানিয়েছেন আম্পায়ার। অর্থাৎ রবিবার খেলা শুরু হবে ভারতী্য় সময় সকাল ৫টা ২০ থেকে। পাশাপাশি, দ্বিতীয় দিনে ৯৮ ওভার খেলা হবে বলেও জানা গিয়েছে। কিন্তু তারপরেও স্বস্তি নেই। কারণ ব্রিসবেনে দ্বিতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে ৪৬ শতাংশ। ফলে খেলা শুরু হতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। টেস্টের বাকি তিন দিনেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তৃতীয় ও চতুর্থ দিনে ৬৭ শতাংশ এবং পঞ্চম দিনে ৫৫ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রথম দিন খেলা ভেস্তে যাওয়ায় টিকিট মূল্য দর্শকদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত কি বৃষ্টিতে ভেস্তে যাবে গাব্বা টেস্ট? উত্তর মিলবে সময়ে।


More Stories
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
বর্ণময় কোচিং জীবনের শেষবেলায় হাভাস কি পারবেন ইস্টবেঙ্গলকে সফল করতে ?