Home » ২০২৪ : আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের পালা করে অবসরের সাল

২০২৪ : আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের পালা করে অবসরের সাল

সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর :  প্রত্যেক ক্রিকেট অনুরাগীর কাছে রবিচন্দ্রন অশ্বিনের অবসর নেওয়ার সাম্প্রতিক আপডেট রয়েছে।অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার গাভাসকার ট্রফির মাঝপথেই আচমকা  অবসর নিয়েছেন তিনি।  ইতি টেনেছেন সবধরনের ক্রিকেটে। ২০২৪ সালের শেষে এসে রবিচন্দ্রন অশ্বিনের অবসর ভারতীয় ক্রিকেট দলে তথা আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে  কিছুটা হলেও শূন্যতা তৈরি করে দেবে। আর ২০২৪ সাল যেন তারকা  ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রস্থানের সময়। খ্যাতনামা বহু ক্রিকেটার  অবসর নিয়েছেন এ বছর। তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার , ইংল্যান্ড দলের পেসার ও টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট পাওয়া জেমস অ্যান্ডারসন, ভারতের ঋদ্ধিমান সাহা থেকে শিখর ধাওয়ান। সম্প্রতি অবসর নেওয়া টিম সাউদি ও অশ্বিন  অবসর গ্রহণকারীদের তালিকায় উল্লেখযোগ্য শেষ দুটি নাম কিনা তা আর কয়েকদিন পরে বছর শেষেই বোঝা যাবে। তবে উল্লেখযোগ্য ভাবে,  ওপরের তারকা ক্রিকেটাররা সমস্ত ফরম্যাট থেকে  বিদায় নিলেও এক-একটি ফরম্যাট থেকে অবসর নিয়ে ধীর পদক্ষেপে  নিজেদের আন্তর্জাতিক মঞ্চ থেকে সরিয়ে আনছেন আরও একাধিক তারকা ক্রিকেটার।তাঁদের মধ্যে রয়েছেন  ভারতের জনপ্রিয় তিন তারকা ক্রিকেটার  বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। এই তিনজনই ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ভারতের তারকা-ত্রয়ী। এখানেই অবসরের তালিকা শেষ হয়ে যাচ্ছে না। ক্রিকেটে ২০২৪ যেন অবসরের সাল ।

ইংল্যান্ড দলের স্পিনার অলরাউন্ডার মঈন আলি, অজি উইকেটরক্ষক ম্যাথু ওয়েড, নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নিল ওয়াগনার, দক্ষিণ আফ্রিকার ডিন এলগার টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন ২০২৪ সালেই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অবসর গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম দীনেশ কার্তিক ও কেদার যাদব।

বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার মতই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে  অবসর ঘোষণা করেছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব-আল -হাসান ইতিমধ্যেই একদিবসীয় ক্রিকেট ছাড়া অন্য দুই ফরম্যাট থেকে  অবসর নিয়েছেন। সবমিলিয়ে অবসরের ঘনঘটা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ।।

আরও পড়ুন মধুর প্রতিশোধ : দু গোল খেয়ে চার গোল ইস্টবেঙ্গলের

About Post Author