স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ডিসেম্বরঃ রামধনুর দেশে নতুন নজির গড়ল পাকিস্তান। প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাটিতে একদিনের সিরিজে চুনকাম করল তারা। তিন ম্যাচের দ্বিদেশীয় সিরিজে ডারবান ও সেঞ্চুরিয়নে প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান। রবিবার জোহানেসবার্গে তৃতীয় ম্যাচেও ৩৬ রানে জয় পেয়েছেন রিজওয়ানরা। অনবদ্য শতরান করেন সাইম আয়ূব ।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে শক্তিশালী প্রোটিয়াদের হারানোর নেপথ্যে রয়েছেন সাইম আয়ূব । তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে দাপট দেখালেন বাইশ বছরের ওপেনার। প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ১০৯ রান। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ২৫। তবে তৃতীয় ম্যাচে ১০১ রানের অনবদ্য ইনিংস খেললেন বাঁ-হাতি ব্যাটার। একটা সময়ে পাকিস্তান দলের প্রাণভোমরা ছিলেন আর এক বাঁ-হাতি ওপেনার। তিনি সৈয়দ আনোয়ার। পাক কিংবদন্তীকে মনে করাচ্ছেন আয়ূব। তিন ম্যাচ মিলিয়ে ২৩৫ রান করেছেন তিনি। শুধু তাই নয় বল হাতেও তিন ম্যাচে নিয়েছেন ২ উইকেট। যা রিজওয়ানদের জয়ের পরেও বাড়তি প্রাপ্তি। একদিনের ক্রিকেটে ইতিমধ্যে ৯ ম্যাচে ৫১৫ রান করে ফেলেছেন আয়ুব। তারমধ্যে রয়েছে তিনটি শতরান। গড় ৬৪.৩৮। তৃতীয় ম্যাচ ও সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন সাইম আয়ুব। অনেকেই মনে করছেন পাকিস্তান ক্রিকেটকে আগামী দিনে পথ দেখাবেন তিনি। তবে পাক সমর্থকদের নিরাশ করেছেন অপর ওপেনার আবদুল্লা শফিক। সিরিজের তিনটি ম্যাচেই রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন তিনি। বিশ্বের প্রথম ওপেনার হিসাবে সিরিজে রানের খাতা না খুলতে পারা প্রথম ক্রিকেটার শফিক। পাশাপাশি দেশের হয়ে এক ক্রিকেট ক্যালেন্ডার বছরে সর্বাধিক বার শূন্য রানে আউট হলেন তিনি।
আরও পড়ুনঃ Premier League: ঘরের মাঠে লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের, আটকে গেল চেলসি, জিতল লিভারপুল
জোহানেসবার্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে ৩৬ রানে। টস জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন সাইম আয়ুব। ৫৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ৫২ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। রান তাড়া করতে নেমে ৪২ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৪৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। পাক বোলারদের মধ্যে ৫২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?