Home » Mamata Banerjee: বছর শেষে সন্দেশখালিতে মমতা! সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: বছর শেষে সন্দেশখালিতে মমতা! সোমবার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ পুলিশে ছয়লাপ গোটা এলাকা। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে সভাস্থল। বছর শেষ হওয়ার একদিন আগে সন্দেশখালি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ১টার কিছু পরই সেখানে পৌঁছন তিনি। সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে তাঁর। এদিকে তাৎপর্যপূর্ণভাবে মমতার এই সফরের আগেই প্রতিবাদী আন্দোলনের নেতা সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন। রবিবার রাতে সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে গিয়ে তিনি নাম লেখান দলে।

আরও পড়ুনঃ বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাঘবন্দি! অবশেষে জালে জিনাত, চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী

চলতি বছরের গোড়া থেকেই সন্দেশখালি সংবাদ শিরোনামে ওঠে আসে। গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে যায় ইডি। কিন্তু সেখানে গিয়ে তাঁরা হামলার মুখে পড়ে। পরে শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে মহিলা নির্যাতনের অভিযোগে কার্যত তোলপাড় হয় গোটা রাজ্য। এরপর একে একে উঠে আসে ধর্ষণ, হুমকি, জমি দখলের মতো বিস্তর অভিযোগ। শেখ শাহজাহান ও তার ভাইদের নামে, বেনামে জমি, মাছের ভেড়ি ও স্থাবর সম্পত্তির হদিস পায় গোয়েন্দারা।

আরও পড়ুনঃ ভোপাল দুর্ঘটনার ছায়া! গুজরাটে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক, মৃত অন্তত ৪!

সমস্ত অভিযোগ বিজেপির বানানো বলে প্রথম থেকেই দাবি করেছিল তৃণমূল। এর মাঝে শাহজাহান প্রায় ৫০ দিনের বেশি লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হন। যদিও লোকসভা ভোটে বিজেপি কোনও প্রভাব ফেলতে পারেনি। বসিরহাট কেন্দ্রে জয়ী হয় তৃণমূলই। যদিও সন্দেশখালি বিধানসভায় অল্প ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। সেই সময় থেকে একবারও মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি আসেন নি। তবে বছর শেষে তাঁর এই সফর ভীষণভাবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।

সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা দ্বীপভূমির বাসিন্দাদের হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন। তার মধ্যে ছিল সবুজসাথীর সাইকেল, বাংলার আবাস যোজনার ঘর তৈরির চেক, মৎস্যজীবীদের নৌকা, স্থানীয় বেকারদের ই-রিকশ ইত্যাদি। তার বক্তব্য জুড়ে ছিল বিরোধীদের তীব্র আক্রমণ।

About Post Author