Home » ফুটবল তুলতে গিয়ে খালেই তলিয়ে গিয়েছিল যুবক, দীর্ঘ তল্লাশির পর অবশেষে দেহ উদ্ধার

ফুটবল তুলতে গিয়ে খালেই তলিয়ে গিয়েছিল যুবক, দীর্ঘ তল্লাশির পর অবশেষে দেহ উদ্ধার

সময় কলকাতা, নিউজ ডেস্ক:খেলতে গিয়ে ফুটবল পড়ে গিয়েছিল খালে। ফুটবল তুলতে যাওয়াই হল কাল। খালে তলিয়ে গিয়েছিল তরতাজা যুবক। ঘটনার পর এক রাত পেরিয়ে গেলেও শুক্রবার সকাল পর্যন্ত হদিশ মেলেনি যুবকের। পরিবারের সদস্যরা অভিযোগ করে পুলিশের তল্লাশিতে গাফিলতি রয়েছে। অভিযোগ খবর পাওয়ার দীর্ঘক্ষণ পরে তল্লাশিতে আসে পুলিশ। তাঁদের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিল পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়।

প্রথমে যে ডুবুরিদের নামানো হয়েছিল তাঁরা সঠিকভাবে কাজ করেনি বলেও অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মধ্যমগ্রামের দিয়ারা এলাকার বাসিন্দা ঋষভ কুণ্ডু ওই যুবকের নাম। বৃহস্পতিবার বিকেলে এলাকায় ফুটবল খেলছিলেন তিনি। আচমকাই বল গিয়ে পড়ে পাশের খালে। তুলতে গিয়ে তলিয়ে যান যুবক। বিষয়টি নজরে পড়তেই জানানো হয় মধ্যমগ্রাম ও রাজারহাট থানায়। ওই এলাকা কোন থানা এলাকার আওতায় তা নিয়ে জটিলতা তৈরি রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাই দুটি থানাকেই খবর দেওয়া হয়।পরবর্তীতে দুই থানার আধিকারিকরাই ঘটনাস্থলে যান। পরে আসে ডুবুরি দল। দীর্ঘ তল্লাশিতেও দেখা মেলেনি যুবকের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ক্ষোভ জমতে থাকে যুবকের পরিবার ও স্থানীয়দের মধ্যে। সারারাত তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে যুবকের দেহ উদ্ধার করা হয়।

About Post Author