সময় কলকাতা :- ধর্মীয় অনুষ্ঠানে লাড্ডু উৎসর্গের সময় বিপত্তি ! ভাঙল ৬৫ ফুট উঁচু মঞ্চ, উত্তরপ্রদেশে মৃত অন্তত ৭ জন। মঞ্চের ধ্বংসাবশেষের তলায় আরও ৮০ জন চাপা পড়ে রয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের বাগপতে প্রত্যেক বছরেই পালিত হয় জৈন নির্বাণ উৎসব। গত ৩০ বছর ধরে জৈন ধর্মের এই অনুষ্ঠানটি চলে আসছে। সেই অনুষ্ঠানের অন্যতম অঙ্গ হল লাড্ডু মহোৎসব। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি হয় এই অনুষ্ঠানের মঞ্চ। জৈন সন্তরাও হাজির থাকেন এই অনুষ্ঠানে। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা।
মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন ভগবান আদিনাথের উদ্দেশে লাড্ডু উৎসর্গ করা হচ্ছিল। সেই সময়ে মঞ্চে উঠে পড়েন অন্তত ১০০ জন ভক্ত। প্রবল ভিড়ের চাপেই হুড়মুড় করে ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চ। অন্তত ৮০ জন মঞ্চের নিচে চাপা পড়েন। তার মধ্যে ৭ জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী। ১০৮টি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয় ঘটনাস্থলে। অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদিনাথ নির্বাণ লাড্ডু অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও তাই এসেছিলেন। তবে অন্যান্যবারের তুলনায় এবার একটু বেশি ভিড় হওয়ায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এই ঘটনা স্বাভাবিকভাবেই মনে করিয়ে দিচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের পদপিষ্ট হওয়ার ঘটনা। সেখানেও মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে হুড়োহুড়ি পড়ে গেছিল এবং পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুও হয়।


More Stories
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১