সময় কলকাতা ডেস্ক:- তিন বছরের সম্পর্কে বিচ্ছেদ। নিমেষে শেষ হয়ে গিয়েছে দুজনের কত স্মৃতি, কত ভবিষ্যতের প্ল্যান। একে অপরকে দেওয়া কতো কথা মিথ্যে হয়ে গিয়েছে এক মুহূর্তে। মানতে পারেনি প্রেমিক। আর সেই ক্ষোভ থেকেই প্রেমিকাকে নানাভাবে উত্যক্ত করত প্রেমিক। কখনও ফোনে বিরক্ত, কখনও অ্যাসিড হামলার হুমকি, কখনও বা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করা নিয়ে ব্ল্যাকমেল দেওয়া হত। তবে এইসবের উদ্দেশ্য ছিল মনের মানুষ যেন ফিরে আসে। হয়নি সেই আশা পূরণ। শেষ পর্যন্ত যে এমন একটা কাজ করবে, তা ভাবতেই পারেনি কেউ! অস্ত্রশস্ত্র নিয়ে প্রেমিকার বাড়ির সামনে গিয়ে হামলার চেষ্টা করে ওই যুবক। প্রাণ বাঁচাতে তরুণী কলকাতা পুলিশের হেল্পলাইন ১০০-তে ডায়াল করেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবককে গ্রেপ্তার করে।
কাশীপুর এলাকায় প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার হয় অমিত চক্রবর্তী নামে ওই যুবক। তার হাতে ছিল কাটারি জাতীয় ধারালো অস্ত্র, স্ক্রু ডাইভার, ছুরি। অভিযোগ, ছুরি নিয়ে তরুণীর উপর হামলা চালাতে যায় সে। নিজেকে বাঁচাতে তরুণী ফোন করে ১০০ অর্থাৎ কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরে। তাতেই রক্ষা হয়। কাশীপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেপ্তার করে। তাকে জেরা করে গোটা বিষয়টি জানার চেষ্টায় তদন্তকারীরা। এই ঘটনার পর থেকে আতঙ্কিত তরুণী ও তাঁর পরিবার। যদিও পুলিশ তাঁদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তরুণী তথ্যপ্রযুক্তি কর্মী, কাশীপুরের বাসিন্দা। তাঁর সঙ্গে ২০২০ সালে সোশাল মিডিয়ায় আলাপ হয় অমিত চক্রবর্তী নামে এক যুবকের। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অমিত দমদমের বাসিন্দা, পেশায় ডেলিভারি বয়। বছর তিনেক পর উভয়ের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু ঠিক কী কারনে এই বিচ্ছেদ তা অবশ্য জানা যায় নি। সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নিতে পারেননি ওই যুবক। সে বারবার ওই তরুণীকে উত্যক্ত করত বলে অভিযোগ। তরুণী বিরক্ত হয়ে ২০২৪ সালে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও এরপরেও কিছু হটেনি অমিত। শেষে এমন পরিণতি হবে সেটা কেউ বুঝতেও পারেনি।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন