Home » বাজেট অধিবেশনে ‘সপ্তম পে কমিশন’ নিয়ে ঘোষণা ?

বাজেট অধিবেশনে ‘সপ্তম পে কমিশন’ নিয়ে ঘোষণা ?

সময় কলকাতা ডেস্ক:-  গত বছর বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন হল, আসন্ন বাজেট অধিবেশনে কি সপ্তম পে কমিশন নিয়ে কোনও ঘোষণা করা হতে পারে ? ঘোষণার সম্ভাবনা কতদূর? রইল বিস্তারিত প্রতিবেদন।কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএ-র ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এমনিতেই অসন্তোষ রয়েছে। তার উপর আবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করে দিয়েছে।

 কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশ

কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। কেন্দ্রের এই ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মচারী মহলে এই প্রশ্নও উঠছে যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশনের গঠন কবে হবে? কেন্দ্র এবং রাজ্যে ১০ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয়। মুদ্রাস্ফীতি পরিস্থিতি এবং উপভোক্তা মূল্য সূচকের সঙ্গে সমন্বয় রেখে সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা করা হয়। মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে কর্মচারীদের যাতে সঙ্কট না হয়, সেই কারণেই কতটা বেতন বাড়ানো সঙ্গত তা বিবেচনা করে দেখে পে কমিশন।

পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে। ২০১৫ সালের ২৭ নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয়। রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে ২০২০ সালের জানুয়ারি থেকে। যদিও এটা করার সময় নতুন বেতন হারের ‘নোশনাল এফেক্ট’ দেওয়া হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি থেকে। অর্থাৎ ওইসময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘ মেয়াদি হয়, তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মী মহল। ষষ্ঠ বেতন কমিশনের গঠনের পর প্রায় দশ বছর কেটে গিয়েছে। এ বছর ২৬ নভেম্বর ১০ বছর পূর্ণ হবে। তাই সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের গঠনের ঘোষণা এ বছরই হতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আসন্ন বাজেট অধিবেশনে এ ব্যাপারে ঘোষণার সম্ভাবনা কতদূর?

এখন প্রশ্ন হল, আসন্ন বাজেট অধিবেশনে এ ব্যাপারে ঘোষণার সম্ভাবনা কতদূর? গত বছর বাজেটে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত ২৫ ডিসেম্বর সেই ধরনের কোনও ঘোষণা হয়নি। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হবে কিনা তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। অর্থ দফতর এমন কোনও প্রস্তাব মুখ্যমন্ত্রীর দফতরে পাঠায়নি। তবে সূত্রের মতে, ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে। তাই তার আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা হয়ে যেতে পারে। এখানে তাত্পর্যপূর্ণ বিষয় হল, ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয়। তার বাস্তবায়ন শুরু হয় আরও পরে। সুতরাং এ বছর সপ্তম পে কমিশনের গঠন হলেও তা বাস্তবায়িত হতে আরও তিন-চার বছর লেগে যেতে পারে। তার অনেক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশ লাগু হয়ে যাওয়ার কথা।

 

About Post Author