Home » বেজায় ফাঁপরে পড়ুয়ারা। ফুটপাথেই ব্যাগ রাখতে বাধ্য পরীক্ষার্থীরা

বেজায় ফাঁপরে পড়ুয়ারা। ফুটপাথেই ব্যাগ রাখতে বাধ্য পরীক্ষার্থীরা

সময় কলকাতা ডেস্ক:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফার্স্ট সেমেস্টার পরীক্ষার ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে ঢোকার আগে ব্যাগ কোথায় রাখবেন, তা নিয়ে বিচিত্র পরিস্থিতি তৈরি হয়েছে। বেজায় ফাঁপরে পড়ুয়ারা। প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে ২৫ ফেব্রুয়ারি। পড়ুয়াদের অভিযোগ, ব্যাগ নিয়ে তাঁদের কলেজে ঢুকতে বাধা দেন কতৃর্পক্ষ।

পড়ুয়াদের ক্যাম্পাসের বাইরে ফুটপাথেই ব্যাগ রাখতে বাধ্য করা হয়। এর পর পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে সাউথ সিটি কলেজের অধ্যক্ষ নবনীতা চক্রবর্তীর গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহাকে ফোনে এবং ইমেল করে জানান। এ ব্যাপারে কী পদক্ষেপ করা হচ্ছে, তা জানতে জয়ন্ত সিনহাকে বার বার ফোন করা হলেও তিনি অবশ্য ফোন ধরেননি। সোমবার এ ব্যাপারে কলেজগুলি কি পদক্ষেপ করে সেই দিকেই নজর সকলের।

বাঘা যতীন সম্মিলনী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন জানা জানিয়েছেন, ‘আমাদের কলেজের পড়ুয়াদের সিট পড়েছে সোনারপুর কলেজে। সেখানে আমাদের পরীক্ষার্থীদের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় ১৫০ পরীক্ষার্থীকে কলেজের বাইরে ব্যাগ রাখতে বাধ্য করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের অনেকে এর ফলে অনেক কিছু হারিয়েছে। তাই আমরাও একই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সম্মিলনী মহাবিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে সাউথ সিটি, সোনারপুর, বারুইপুর এবং ধ্রুবচাঁদ হালদার কলেজের পড়ুয়ারা।

পাল্টা সাউথ সিটির অধ্যক্ষের বক্তব্য, ‘২৫ ফেব্রুয়ারি পরীক্ষা দিন আচমকা বাঘা যতীন সম্মি‍লনী কলেজ পরীক্ষার্থীদের ব্যাগ নিয়ে ঢুকতে না দেওয়ায় চরম সমস্যায় পড়েছিল আমাদের পড়ুয়ারা। আমি বিষয়টি পরীক্ষা নিয়ামকের নজরে এনেছি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, ব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ এমনিতে নিষিদ্ধ। কিন্তু অনেক ছাত্রছাত্রীই দূর থেকে আসেন। তাঁরা ব্যাগ নিয়ে না এলে সমস্যা হয়। ফলে পরীক্ষাকেন্দ্রেই কোনও একটি জায়গায় ব্যাগ রাখার বন্দোবস্ত করাটাই রীতি।

About Post Author