সময় কলকাতা ডেস্ক:- মার্চের মাঝামাঝি তাতেই রবিবার সকাল থেকে গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী। এদিন সকাল থেকেই বাঁকুড়ায় গরমে অতিষ্ট সাধারণ মানুষ। কিন্তু ছুটির দিনে ‘বোনাস’ দিল খামখেয়ালি আবহাওয়া। এ দিন বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ ঝেঁপে শিলাবৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলার জয়পুরে। টানা প্রায় ২০ মিনিটের বেশি বৃষ্টি হয় সেখানে। কালো মেঘে ঢাকে আকাশ, সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। স্বাভাবিক ভাবেই স্বস্তিতে এই অঞ্চলের বাসিন্দারা।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টিপাত হতে পারে ২০, ২১ এবং ২২ তারিখ। এ ছাড়াও রবিবার পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবার দুপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আগামী দু’দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। পরবর্তী ৪৮ ঘণ্টা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় গরমের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এদিন বাঁকুড়ার শুধু জয়পুর নয়, বাঁকুড়া শহরেও দু’এক ফোঁটা বৃষ্টিপাত হয়। তবে ভারী বৃষ্টি হয়নি। এ দিকে সপ্তাহান্তে আবহাওয়ার এই উপহারে স্বাভাবিক ভাবেই স্বস্তিতে জয়পুরের বাসিন্দারা। সকাল থেকেই গরমে নাভিঃশ্বাস উঠছিল বাঁকুড়া বাসীদের। এখন থেকেই এই পরিস্থিতি হলে আগামী দিনে কি হবে তা ভেবেই ভয় পাচ্ছে সাধারণ মানুষ।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের