Home » নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে মেগা বৈঠকে বঙ্গ বিজেপি

নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে মেগা বৈঠকে বঙ্গ বিজেপি

সময় কলকাতা ডেস্ক:- বছর ঘুরতে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এখনো এলোমেলো অবস্থায় রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাংগঠনিক অবস্থা। রাজ্য বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম সম্প্রতি ঘোষণা হয়েছে। বাকি রয়েছে আরও ১৮টি। এর মধ্যেই রবিবার পুনরায় বৈঠকে বসল বিজেপির রাজ্য নেতৃত্ব। বঙ্গ বিজেপির দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশাল, অমিত মালব্য-সহ রাজ্য সম্পাদকরাও এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপির খারাপ ফলাফল হওয়ার পর থেকেই সভাপতি বদলের গুঞ্জন শুরু হয় দলের অভ্যন্তরেই। পাশাপাশি রাজ্য বিজেপির বর্তমান সভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রের মন্ত্রী। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। তবে বিগত প্রায় দশ মাস ধরে বিজেপি নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণাই করে উঠতে পারেনি।

রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টির পাশাপাশি বাকি থাকা ১৮টি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর রাজ্য সফর নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

About Post Author