কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। সেই সম্ভাবনা আরও উস্কে দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। সোমবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, যেকোনও সময় ভারত সামরিক অভিযানে নামতে পারে, তাই পাকিস্তান তার বাহিনীকে আরও শক্তিশালী করছে। কিছু কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের কৌশলের বিষয়ে সংবাদমাধ্যমকে এরচেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। তাঁর দাবি, ভারত যে হামলার প্রস্তুতি শুরু করেছে, এ ব্যাপারে তাঁদের কাছে সুনির্দিষ্ট খবর রয়েছে। যে কারণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপরই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। নিজেদের অস্তিত্বের জন্য প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবে পাকিস্তান।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে নিহত হন ২৬ জন। পহেলগাঁও হত্যালীলার জন্য ভারত কাঠগড়ায় তুলেছে পাকিস্তানকে। যদিও পাকিস্তান প্রথম থেকেই দাবি করছে, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে তারা।
এদিকে, পহেলগাঁও কাণ্ডের জেরে নতুন করে সম্পর্কের অবনতি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপ করে ভারত। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। পাল্টা হিসেবে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দেন, সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন। জবাবে কড়া বার্তা শোনান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
‘উস্কানিমূলক’ বিষয়বস্তুর জন্য সোমবারই এক ডজনেরও বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও সেনা মুভমেন্ট। তারপরই পরোক্ষে যুদ্ধের হুঁশিয়ারি শোনালেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তাহলে কি ভারতীয় সেনাবাহিনীর হামলার আতঙ্কে ভুগছে পাকিস্তান? উঠছে প্রশ্ন।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের