সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও কাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে ভারত সরকার। দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছে। শুধু তা-ই নয়, ইসলামাবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপও করেছে নয়াদিল্লি। সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিলের পাশাপাশি সমস্ত পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো সার্ক ভিসার মেয়াদ শেষ হয়েছে ২৬ এপ্রিল। এর পাশাপাশি মেডিক্যাল ভিসা ছাড়া সব রকমের ভিসার মেয়াদ শেষ হয়েছে ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার। মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হল মঙ্গলবার। তার মধ্যেই সকলকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফেরার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। তবে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে দীর্ঘমেয়াদী ও কূটনৈতিক ভিসা। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল, নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা। পাশাপাশি, আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত!
কিন্তু প্রশ্ন হল, সময় পেরিয়ে যাওয়ার পরও যদি কোনও পাকিস্তানি পুরনো ভিসা নিয়ে ভারতে থেকে যান, তাহলে তাঁদের ভবিষ্যৎ কী?
মোদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা ভারত ছাড়বেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে। এ ব্যাপারে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দেশের পরই রাজ্যগুলিতে শুরু হয়েছে পাকিস্তানিদের চিহ্নিতকরণের কাজ। এর পরও যদি কোনও পাকিস্তানি ভারতে থেকে যান, সেক্ষেত্রে ১৯৪৬ সালের বিদেশ আইনের অধীনে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার।
এই আইন অনুযায়ী ভিসা শেষ হওয়ার পরও যদি কোনও বিদেশি দেশে থেকে যান সেক্ষেত্রে তাঁদের জরিমানা, কারাদণ্ড, নির্বাসন দেওয়া হবে। শুধু তাই নয়, অভিযুক্তকে কালো তালিকাভুক্ত করতে পারে সরকার। যার অর্থ আর কখনও ভারতে প্রবেশ করতে পারবেন না তিনি। তবে শাস্তি নির্ধারিত হবে ভিসার মেয়াদ শেষের পর অভিযুক্ত বিদেশি কতদিন ভারতে থেকেছেন তার উপর।
তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশেষ ভিসায় কারা কারা ছাড় পেতে চলেছেন?
সরকারের তরফে জানা গিয়েছে, স্বল্প মেয়াদের ১২ রকমের ভিসা দেয় সরকার। এক্ষেত্রে রয়েছে বাণিজ্য, সম্মেলন, পড়ুয়া, পর্যটক, তীর্থযাত্রী-সহ আরও অনেক। যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে গত শনিবার। অন্যান্য ভিসাগুলির মেয়াদ রবিবার শেষ হয়েছে। যাঁদের মেডিক্যাল ভিসা রয়েছে তাঁদের দেশ ছাড়ার সময় দেওয়া হয় ২৯ এপ্রিল। শুধুমাত্র মেডিক্যাল ভিসাধারীদের ক্ষেত্রেই আরও দু’দিন সময় দেওয়া হয়েছে। নতুন করে আর পাকিস্তান নাগরিকদের ভিসা না দেওয়ার নির্দেশও দিয়েছে কেন্দ্র। তবে তালিকা থেকে বাদ থাকছে দীর্ঘমেয়াদী ভিসাধারীরা। পাকিস্তানের সংখ্যালঘু, যিনি ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তাঁদের ক্ষেত্রে এই ভিসা দেওয়া হয়। তাঁদের এখনই দেশ ছাড়তে হচ্ছে না।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের