সময় কলকাতা ডেস্ক:- ভূস্বর্গে বেড়াতে যাওয়া নিরীহ মানুষ-জনের উপর জঙ্গিদের বুলেট বৃষ্টির ক্ষত এখনও টাটকা দেশবাসীর মনের গভীরে। এই পরিস্থিতিতে সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের বার্তা দেওয়া জরুরি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর সময় বলে মনে করছেন কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান সাংসদ মল্লিকার্জুন খড়গে। তাই পহেলগাঁও ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি। চিঠিতে তাঁর আবেদন, লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশন ডাকা হোক। গত ২২ এপ্রিল, পহেলগাঁওকে রক্তাক্ত করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ গিয়েছে ২৬ জনের। রাজনীতি ভুলে দেশের স্বার্থে তীব্র নিন্দায় মুখর হয়েছেন সব দলের নেতানেত্রী। সঙ্গে সঙ্গে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছিলেন কংগ্রেসের লোকসভার সাংসদ রাহুল গান্ধি এবং রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খড়গে। পাশে থাকার বার্তা দিয়েছিলও তৃণমূল সহ বাকি বিরোধী দলগুলিও।
এমনকী এই পরিস্থিতিতে দলের কোনও কোনও নেতা বিরূপ মন্তব্য করলেও কংগ্রেস কড়া অবস্থায় কাশ্মীর ইস্যুতে দলের ঘোষিত অবস্থানই মেনে চলতে তৎপর। ফলে সন্ত্রাসদমনে যে কেন্দ্রের প্রতি পদক্ষেপের পাশে থাকবে কংগ্রেস, তা অত্যন্ত সুস্পষ্টভাবে বারবার বোঝানো হয়েছে। এদিকে সোমবার পহেলগাঁও ইস্যুতেই জম্মু-কাশ্মীর বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছিল শাসকদল। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সেখানে মর্মস্পর্শী বক্তব্য রাখেন। পর্যটকদের যথাযথ নিরাপত্তা দিতে না পারার দায় নিজের কাঁধে নিয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন আবদুল্লা।
এসবের মাঝেই পাশে থাকার বার্তা দিয়ে এবার কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান সাংসদ চান, জাতীয় নিরাপত্তায় এত বড় ধাক্কার ঘটনায় লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশন বসুক। আলোচনা হোক শাসক-বিরোধী সকলে মিলে। একজোট হয়ে নিহতদের পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি শত্রুদেশকেও বুঝিয়ে দেওয়া হোক সন্ত্রাস চালিয়ে ভারতের ঐক্য ভাঙা যাবে না। এসব জানিয়েই তিনি মঙ্গলবার চিঠি লেখেন প্রধানমন্ত্রী মোদিকে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের