সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও কাণ্ডের আবহে যখন ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে, তখন ইসলামাবাদ দাবি করল মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম আবদালি। পাক সেনার ‘সিন্ধু’ নামক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়। পাক সরকারের তরফে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রযুক্তিগত মাপকাঠিকে বৈধতা দিয়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
ওই বিবৃতিতে এ-ও বলা হয়েছে যে, প্রযুক্তিগত উন্নতি এবং পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখার পর নিরাপত্তা রক্ষায় পাকিস্তান যে প্রস্তুত, সেই বিষয়ে ‘পূর্ণ আস্থা’ রয়েছে পাক প্রধানমন্ত্রী এবং সামরিক কর্তাদের। এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কি না, তা স্পষ্ট নয়। তবে জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাক সেনার বেশ কয়েক জন শীর্ষ পদাধিকারী। পহেলগাঁও কাণ্ডের পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় টানা ন’দিন ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। এই ঘটনাকে সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা হিসাবেই দেখছে ভারত। এই পরিস্থিতিতে এ বার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করল ইসলামাবাদ।
যদিও, শনিবার পাকিস্তানকেও বার্তা দিল ভারতীয় নৌসেনা। যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ভারতীয় নৌসেনার হেলিকপ্টারের একসঙ্গে ছবি দিয়ে পাকিস্তানকে জানান দিল নৌসেনার ক্ষমতা কতটা। শনিবার ভারতীয় নৌসেনার তরফেই এই ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায় মাঝ সমুদ্রে রয়েছে আইএনএস কলকাতা, সামনে স্করপেনে ক্লাস সাবমেরিন। আকাশে উড়ছে ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। এই মহড়াকে ত্রিশক্তি বলেই উল্লেখ করেছে নৌসেনা। জলের মধ্যে, উপরে ও নীচ থেকে জবাব দিতে প্রস্তুত তারা, এই বার্তাই দেওয়া হয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সময়েই ভারতীয় নৌসেনার এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহেও নৌসেনা আরব সাগরে মহড়া করেছিল। লং রেঞ্জের ব্রাহ্মোস অ্যান্টি-শিপ ও অ্যান্টি সারফেস ক্রুজ মিসাইল ছুড়েছিল। শুক্রবারই উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, সুখোই মিগ বিমান নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ের আকাশে মহড়া চলে মিরাজ, রাফাল, সুখোই, জাগুয়ারের। কোনও রকম রানওয়ে ছাড়া কীভাবে দুর্গম এলাকায় নেমে পড়বে সেনার যুদ্ধবিমানগুলি তা বুঝে নিতেই ছিল এই মহড়া।
ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে একসঙ্গে মিরাজ, রাফাল, সুখোই, জাগুয়ারের এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেনজির। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ইতিমধ্যেই ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করেছে আটারি-ওয়াঘা সীমান্তও। পাকিস্তানিদের ভিসাও দেওয়া হবে না আর। ভারতে যে সকল পাকিস্তানি নাগরিক রয়েছে, তাদেরও পাকিস্তানে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবারই সেনাস্তরীয় উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে খোলাছুট দিয়েছিলেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার