সময় কলকাতা ডেস্ক:- পহেলগাম নৃশংস জঙ্গি হামলার পর পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এবার পাকিস্তান থেকে যাবতীয় পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করল ভারত। সরাসরি কিংবা ঘুরপথেও ঢুকবে না কোনও পাক পণ্য। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং মানুষের স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনও ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।
২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গিহানার পর থেকে ভারত এবং পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কে ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। ওই সময়ে ফল, সিমেন্ট, পেট্রোপণ্য, আকরিক-সহ পাকিস্তান থেকে আসা বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছিল ভারত। বাণিজ্যিক ভাবে ভারতের অন্যতম পছন্দের দেশের তালিকা থেকেও পাকিস্তানকে সরিয়ে দিয়েছিল ভারত। তার পর থেকে গত কয়েক বছরে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে মাত্র ৪ লক্ষ ২০ হাজার ডলারের পণ্য আমদানি করেছিল ভারত।
এক বছর আগেও যে পরিসংখ্যান ছিল, তার থেকে ২০ লক্ষ ডলারেরও কম মূল্যের আমদানি হয়েছিল ওই সময়ে। এসবের মাঝেই পহেলগাঁও হামলার পর এবার আরও কড়া সিদ্ধান্ত নিল ভারত। এদিকে, পাকিস্তানি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পাকিস্তানি পণ্যবাহী জাহাজের উপরেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং-এর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের পতাকা থাকা কোনও জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকম ভাবে কোনও ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনও বন্দরে যাবে না।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরন উপত্যকায় যে জঙ্গি হামলা হয়েছিল, তাতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ২৬ জনকে। ঘটনার ১০ দিনের বেশি সময় পেরোলেও এখনও বদলা নিতে কোনও সামরিক পদক্ষেপ করেনি ভারত। তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলচুক্তি। ভিসা বাতিল করে পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এসবের মাঝেই পাকিস্তান থেকে আমদানি বন্ধ করা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন, হামলায় জড়িতদের রেয়াত করা হবে না।
গত বৃহস্পতিবার অসমে গিয়ে দেশবাসীকে জঙ্গি দমনে আশ্বাস দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, হামলা করে কেউ রেহাই পাবে না। সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি