Home » ‘ভারত-পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না আমেরিকা’, জানিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

‘ভারত-পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না আমেরিকা’, জানিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও হামলার বদলা নিতে  ৭ মে ভোর রাত থেকে অপারেশন সিঁদুর-এর মাধ্যমে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে অভিযান চালিয়েছিল ভারত। এর পর বৃহস্পতিবার পাকিস্তান ভারতীয় সামরিক ও বেসামরিক এলাকায় একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও তীব্র গোলাবর্ষণের মাধ্যমে আক্রমণ চালায়। পাকিস্তানের এই হামলা প্রতিহত করতে ভারত শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে না, পাকিস্তানের যুদ্ধবিমানও নামিয়ে আনে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের দৃষ্টি এখন ভারত-পাক সংঘাতের দিকেই। তবে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিল, আপাতত সরাসরি কোনও সামরিক ভূমিকা তারা নেবে না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটা আমেরিকার কোনও বিষয় নয়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই দ্বন্দে মার্কিন হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, এটা আমেরিকার মাথাব্যথার বিষয়ই নয়। পাশাপাশি তিনি অবশ্য কূটনৈতিক পথে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছেন। তবে তাঁর স্পষ্ট বক্তব্য, আমেরিকা সরাসরি এই যুদ্ধের মধ্যে জড়াবে না।

সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা কী হবে?

তিনি বলেন, আমেরিকা ভারতকে অস্ত্র নামাতে বলতেও পারবে না, পাকিস্তানকেও বলতে পারবে না। আমেরিকা কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে যাবে। তবে জেডি ভ্যান্স জানান, তিনি আশাবাদী যে, এই পরিস্থিতি আরও বড় আকার নেবে না এবং পরমাণু যুদ্ধের দিকে যাবে না। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তিনি কোনওভাবে সাহায্য করতে পারেন, তাহলে তিনি সেই ভূমিকা নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, দুই দেশের সংঘাত-পাল্টা সংঘাত এখন থেমে যাওয়া উচিত।

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক মহলের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সঙ্গে কথা হয় মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।

পরে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধে পাশে থাকতে চায় আমেরিকা। এটা যথেষ্ট প্রশংসনীয়। সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক নিশানায় পরিমিতভাবে পদক্ষেপ করছে ভারত। যে কোনও হামলা হলে ভারত কঠোর জবাব দেবে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, হামলা শুরুর পরেই পাকিস্তানকে শান্ত হতে নির্দেশ দিয়েছিল আমেরিকা। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব। তবে এবার জেডি ভ্যান্স বার্তা দিলেন, কূটনৈতিক স্তরে এই সংঘাত কমাতে সচেষ্ট হলেও সরাসরি কোনও হস্তক্ষেপ করবে না আমেরিকা।

About Post Author