Home » উত্তরের চা বাগানে পদ্ম শিবিরে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিজেপির জন বার্লা

উত্তরের চা বাগানে পদ্ম শিবিরে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিজেপির জন বার্লা

Shri John Barla calls on the Prime Minister, Shri Narendra Modi, at 7, Lok Kalyan Marg, New Delhi on July 07, 2021.

সময় কলকাতা ডেস্ক:- অবশেষে জার্সি বদলে ফেললেন বিজেপি-র উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন জন। তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শাসকদলে যোগদান করেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা।

জন বার্লার তৃণমূলে যোগদানের ফলে উত্তরবঙ্গে চা বলয়ে বিজেপিকে বড়সড় ধাক্কার মুখোমুখি হতে হবে বলে মত পর্যবেক্ষকদের অনেকের। জন বার্লার অভিযোগ, বিজেপিতে থেকে এলাকার মানুষের, বিশেষত চা বাগানের কোনও দাবি পূরণের কাজ করতে পারছিলেন না। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তাঁর এই দলবদলের সিদ্ধান্ত।

সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসরা জানান, জন বার্লাকে চা বাগানের বিশেষ দায়িত্ব দেওয়া হবে। এছাড়া তিনি রাজ্যস্তরের নেতৃত্ব হিসেবে কাজ করবেন।

জন বলেন, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাস ঘাতকতা করেছে। সবেচেয়ে বেশি অবহেলিত চা বাগানের মানুষজন। তাই সামগ্রিকভাবে এলাকার উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ।

গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। তখনই ফুলবদলের জল্পনা শুরু হয়। পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাতও করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। কয়েক মাস আগে নতুন করে মাথাচাড়া দেয় জন বার্লার দলবদলের জল্পনা। কারণ, প্রাক্তন সাংসদ নিজেই বলেছিলেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। এরপর গত জানুয়ারিতে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দেখা যায় তাঁকে।

তবে সেই সময় তৃণমূলের পতাকা হাতে নেননি জন বার্লা। ফলে তাঁর দলবদল নিয়ে জল্পনা জারি ছিলই। এরই মাঝে গত রবিবার সিকিমের মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিজেপি নেতা গিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদের বাড়িতে। সেই সময় মনে করা হচ্ছিল, দলের সঙ্গে দূরত্ব ঘুঁচল বার্লার। কিন্তু কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হল ভাঙন। অবশেষে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা।

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূলে আগমনে রাজ্য বিজেপি ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

About Post Author