সময় কলকাতা ডেস্ক:- এসএসসির চাকরিহারাদের বিকাশ ভবন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। বিকাশ ভবনের ভিতরে ঢুকতে বাধা পেয়ে লোহার বিশাল গেট ভেঙে ফেলেন ‘যোগ্য’ চাকরিহারারা। এমন সময় আচমকা ভিতরে ঢোকেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। চাকরিহারারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে মাথা ঠান্ডা রাখতে পারেননি সব্যসাচী।
বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের মারধর করার অভিযোগ ওঠে সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, সব্যসাচীর উপস্থিতিতেই চাকরিহারা শিক্ষকদের ওপর বিকাশ ভবনের ক্যাম্পাসের মধ্যে হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিকাশভবন চত্বরে উত্তেজনা আরও বেড়েছে। চাকরিহারারা ঘিরে ধরেন সব্যসাচীকে। স্লোগান ওঠে চাকরি চোর।
সব্যসাচীকে কোনওক্রমে গাড়ি পর্যন্ত পৌঁছন নিরাপত্তারক্ষীরা। সেসময়ে রীতিমতো গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিহারারা। সব্যসাচীকে ঘিরে ধরে যখন ‘চোর চোর’ স্লোগান তুলতে থাকেন তাঁরা, সেই মুহূর্তের ছবি ও খবর করছিলেন সাংবাদিকরা। প্রথমে নমনীয় থাকলেও পরিস্থিতি যত উত্তপ্ত হয়ে ওঠে, তত খাপ্পা হয়ে ওঠেন সব্যসাচী দত্ত। অভিযোগ ওঠে, হঠাৎই করেই সব্যসাচীর অনুগামীরা চড়াও হন।
স্বয়ং সব্যসাচীও এরপর আসরে নামেন। এক সাংবাদিকের গাল টিপে ধরেন। এরপর ওই সংবাদমাধ্যমের বাকি সাংবাদিকরা সব্যসাচীকে ধরে প্রশ্ন করলে ফাঁপরে পড়েন তিনি।
বিকাশভবন রাজ্যের প্রশাসনিক দফতর। রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে অন্য মন্ত্রীদের দফতর সেখানে। তাঁরা যে গেট দিয়ে ভিতরে ঢোকেন, বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে সেই গেট অবরুদ্ধ হয়ে যায়। ধুন্ধুমারের জেরে বেনজির পরিস্থিতি তৈরি হয় সেখানে।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি