সময় কলকাতা ডেস্ক:-এবার নিশানায় প্রবাসী ভারতীয়রা ! কড়া হুঁশিয়ারি আমেরিকার ট্রাম্প প্রশাসনের। বিজ্ঞপ্তি জারি করল দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।হোয়াইট হাউসের দখল নেওয়ার পর অভিবাসন ও ভিসা সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ থেকে অবৈধ অভিবাসীকে তাড়ানোর পাশাপাশি বিপুল অর্থে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে আমেরিকায়। মার্কিন গ্রিন কার্ড ধারকদের ছেঁটে ফেলতেও তৎপর হয়েছে সেখানকার প্রশাসন। এই পরিস্থিতিতেই এবার ভারতীয়দের জন্য কড়া নিয়ম লাগু করল আমেরিকা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন। শনিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।
যেখানে জানানো হয়েছে
কেউ যদি ভিসার নিয়ম অমান্য করে নির্ধারিত সময়ের বেশি আমেরিকায় থাকেন সেক্ষেত্রে আইনি পদক্ষেপ তো বটেই, আজীবনের জন্য বন্ধ হবে আমেরিকার দরজা। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মার্কিন ভিসায় যে সময়সীমা উল্লেখ করা হয়েছে, তার চেয়ে বেশি সময় যদি কেউ আমেরিকায় থাকেন তাহলে অভিযুক্তকে নির্বাসিত করা হবে। শুধু তাই নয় আরও জানানো হয়েছে, এই ধরনের অপরাধে অভিযুক্তের আমেরিকায় প্রবেশ চিরজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে। এই নির্দেশিকা সকল ভারতীয়ের জন্য প্রযোজ্য হবে। তা সে পর্যটন হোক বা পড়তে যাওয়ার জন্য পাওয়া ভিসা। ভিসা নিয়ে আমেরিকায় থাকার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। আমেরিকায় যাওয়ার সময় এই সীমা উল্লেখ করা হয় I-94 ফর্মে। সেই সময়সীমার একদিনও বেশি যদি কেউ থাকেন তবে নানা আইনি সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। সেক্ষেত্রে কেউ ভিসার মেয়াদ বাড়াতে চাইলে USCIS অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা-র সঙ্গে যোগাযোগ করে পর্যাপ্ত কারণ দেখিয়ে ভিসার মেয়াদ বাড়াতে হত। তবে সেই নিয়মের লঙ্ঘন এবার গর্হিত অপরাধ হিসেবে দেখবে মার্কিন সরকার।
লোকসভায় মোদি সরকার বিবৃতিতে জানায়
ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর বছরের শুরু থেকেই দফায় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। লোকসভায় মোদি সরকার বিবৃতিতে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে বিতাড়িত করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে তিনটি পৃথক বিমানে মোট ৩৩৩ জন অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়কে ভারতে পাঠায় আমেরিকা।
বিমানে তোলার ছবিও ভাইরাল হয়
হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার ছবিও ভাইরাল হয়। পাশাপাশি বাণিজ্যিক বিমানে পানামা থেকে ৫৫ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। মার্কিন হেফাজতে থাকা ২৯৫ জনকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসবের মাঝেই ভারতীয়দের জন্য কড়া নিয়ম লাগু করল আমেরিকা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ট্রাম্প প্রশাসন। বিজ্ঞপ্তি জারি করল দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক