Home » বিচারব্যবস্থাকে ব্যঙ্গ-কুৎসা, ৪ দিনের জেল আইনজীবীর

বিচারব্যবস্থাকে ব্যঙ্গ-কুৎসা, ৪ দিনের জেল আইনজীবীর

সময় কলকাতা ডেস্ক:- হাইকোর্টের নির্দেশ কার্যকরী না করতে মক্কেলকে পরামর্শ দেওয়া, বিচারব্যবস্থাকে ব্যঙ্গ করা, বিচারপতিদের নামে কুৎসা-সহ একগুচ্ছ অভিযোগে প্রায় নজিরবিহীন ভাবে এক আইনজীবীকে চার দিন সাধারণ জেলের সাজা দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ শুক্রবার আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে শেরিফের মাধ্যমে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেন। রাতেই তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

হাইকোর্ট আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে জেলের সাজা শোনাতে গিয়ে বলেছে, আদালতে তাঁর কথাবার্তা, অঙ্গভঙ্গি, আচার–আচরণ কার্যত বিচারব্যবস্থাকে কলুষিত করারই চেষ্টা। একজন আইনজীবীর এমন আচরণ হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিচারপতি। তাই প্রতীকী সাজা হিসেবে তাঁকে চার দিন জেলে পাঠানো হলো বলে রায়ে জানিয়েছেন বিচারপতি।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে আইনজীবী অরুণাংশু সেখানকার এক শিক্ষকের বয়স সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ না মানতে তাঁকে পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও তিনি একই রকম পদক্ষেপ করেন বলে অভিযোগ।

এই সব মামলা চলার মধ্যেই গত বছর এপ্রিলে তিনি ফেসবুকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তথা কর্নাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের কুৎসা করেন এবং বিচারপতি চন্দ সম্পর্কেও কুমন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় তাঁর বিরুদ্ধে আদালতে হলফনামাও দেয়। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই তিনি অস্বীকার করেননি বলে রায়ে উল্লেখ করেছে আদালত। আবার তিনি হলফনামা দিলেও নিজের কাজের জন্যে ক্ষমাও চাননি।

এর আগে হাইকোর্টের অন্তত দু’টি বেঞ্চ পৃথক পৃথক মামলায় ওই আইনজীবীর আচার–আচরণের সমালোচনা করেছিল। এ দিন তাঁকে জেলে পাঠানোর সাজা ঘোষণার সময়ে বিচারপতি চন্দ সেই সব রায়েরও উল্লেখ করেন।

About Post Author