সময় কলকাতা ডেস্ক:- ভারত কী যুদ্ধবিমান খুইয়েছিল অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের হামলায়? অবশেষে এই ইস্যুতে মুখ খুললেন চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল চৌহান। ক্ষতি যে হয়েছিল তাও স্বীকার করে নিলেন তিনি। পাকিস্তানের দাবি নিয়ে টানাপোড়েনের মাঝেই এই মন্তব্যে নড়েচড়ে ওঠার উপক্রম হয়েছে ভারতীয়দের।
যেখানে পাকিস্তান প্রথম থেকেই দাবি করে আসছে যে, অপারেশন সিঁদুরের পালটা রাফাল-সহ ভারতের ৬টি যুদ্ধবিমান ভেঙেছে তারা। সেই দাবি নিয়ে, দেশের অন্দরে বিতর্ক মাথাচাড়া দেওয়া সত্বেও সরাসরি এই ইস্যুতে কোনও মন্তব্য করেনি ভারত। তবে, সেই ডামাডোলের মাঝেই শনিবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই একই প্রশ্নের মুখে পড়েন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। ভারত কী যুদ্ধবিমান খুইয়েছে? এই প্রশ্নের মুখে হ্যাঁ বা না কিছুই বলেননি তিনি। বরং জানান, ”যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল, সেটাই গুরুত্বপূর্ণ।”
এরপর সাংবাদিকের তরফে আরও জোর দিয়ে অনিল চৌহানকে প্রশ্ন করা হলে, “তার অর্থ কী একটি যুদ্ধবিমান পাক হামলায় খুইয়েছিল ভারত?” এর উত্তরে সংক্ষেপে ‘হ্যাঁ বললেও, একইসঙ্গে অনিল চৌহান বলেন, “যেটা ইতিবাচক দিক তা হল আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝেছি এবং ভুল শুধরে দুদিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি। আমরা সমস্ত যুদ্ধবিমান উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করে তা গুঁড়িয়ে দিয়েছি।”
একইসাথে, পাকিস্তানের তরফে ৬ টি বিমান ধ্বংসের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অনিল বলেন, “বিমান ধ্বংসের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। কেন তা হল, এবং তারপর আমরা কী করলাম সেটা গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই মৃত্যুর বদলা নিতে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। যার জেরে দুই দেশের সামরিক উত্তেজনা চরম আকার নেয়। পাক সীমান্তবর্তী রাজ্য জম্মু-কাশ্মীর, থেকে গুজরাট পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। যদিও তাদের সে হামলা রুখে দেয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ১১ টি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত, চাপের মুখে পড়ে ভারতের কাছে সংঘর্ষবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান। এরপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি আপাতত বিদ্যমান।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর