সময় কলকাতা ডেস্ক:- ‘লাল সন্ত্রাস’ দমনে বড়সড় সাফল্য। সোমবার ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ করলেন ১৬ জন মাওবাদী নেতা। তার মধ্যে ৬ জনের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে এত বড় সংখ্যায় আত্মসমর্পণ পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এক মহিলা-সহ মোট ১৬ জন মাও নেতা অস্ত্রসস্ত্র সমেত এদিন পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের সামনে আত্মসমর্পণ করে। তারা জানায়, ‘নৃশংস’ এবং ‘আমানবিক’ মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।
মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ২ জনের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। তারা হলেন দোদি সুক্কি (৩৬) ওরফে রিতা এবং রাহুল পুনেম (১৮)। ২৮ বছর বয়সী লেকাম লাখমা নামে আরও এক মাও নেতার মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা। পাশাপাশি, আরও তিন মাওবাদী নেতার মাথার দাম ছিল ২ লক্ষ টাকা করে। সব মিলিয়ে ১৬ জন মাওবাদীর মাথার দাম ছিল মোট ২৫ লক্ষ টাকা। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য-সহ মাওবাদী পুনর্বাসন নীতি মেনে চাকরি এবং আরও নানান সাহায্য করা হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর