সময় কলকাতা ডেস্ক:- রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। আইপিএস বদলের পাশাপাশি কয়েকটি দফতরের সচিব স্তরে রদবদল করা হল। কয়েকজন সচিবকে যেমন দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব। তেমনই কয়েকটি পদ থেকে সরানো হল কয়েকজনকে। তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হল আইপিএস অফিসার রাজীব কুমারকে। রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে ওই দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার অনুপকুমার আগরওয়ালের হাতে। তবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে আগের মতোই থাকছেন রাজীব কুমার।
২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজ্যের অতিরিক্ত ডিজি (সিআইডি) পদে থাকাকালীন রাজীব কুমারকে হঠাৎ করেই তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়।
প্রশাসনিক রীতিনীতি অনুযায়ী, ওই পদে সাধারণত একজন আইএএস অফিসারের জন্য নির্ধারিত ‘ক্যাডার পোস্ট’ হিসেবেই স্বীকৃত। ফলে রাজীব কুমারের ওই পদে নিয়োগ স্বাভাবিক ধারার ব্যতিক্রম হিসেবে নজরে আসে প্রশাসনিক মহলে। সেই সময় একে রাজনৈতিক গুরুত্বসম্পন্ন পদক্ষেপ হিসেবেও ব্যাখ্যা করেছিলেন অনেকে। এতদিন ধরে সেই তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে যুক্ত থেকেছেন রাজীব কুমার, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের এক অভিজ্ঞ আইপিএস অফিসার। গত বছর ডিসেম্বর মাসে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়।
তবে গত বছর লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয়। ভোটপ্রক্রিয়া শেষ হতেই আবার তাঁকে ডিজির দায়িত্বে পুনর্বহাল করে রাজ্য সরকার। সেই দায়িত্বেই আপাতত বহাল থাকছেন তিনি। তবে তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে রাজীবকে অব্যাহতি দিয়ে দায়িত্ব দেওয়া হল আইএএস অনুপকুমার আগরওয়ালকে। প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অনুপকুমার নিজেও এক দক্ষ আমলা হিসেবে পরিচিত। তাঁর হাত ধরেই এখন রাজ্যের ডিজিটাল পরিকাঠামো ও তথ্যপ্রযুক্তিনীতির রূপরেখা নতুন করে সাজানো হবে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের অনেকে। এসবের পাশাপাশি আরও কয়েকটি শীর্ষপদে রদবদল করা হয়েছে।
নবান্নের তরফে প্রকাশিত তালিকা অনুসারে রদবদল হয়েছে রাজ্য পুলিশেও
আইপিএস সঞ্জয় সিং ডিজি হোমগার্ড থেকে ডিজি সাইবার সেলের নতুন দায়িত্বে
আইপিএস অজয় মুকুন্দ রানাডে, এডিজি আইজিপি (এ) থেকে এডিজি হোমগার্ডের দায়িত্বে
হরি কিশোর কুসুমাকার এডিজি সাইবার সেল থেকে এডিজি আইজিপি পোস্টাল সেলের দায়িত্বে
আইপিএস দময়ন্তী সেন পেয়েছেন এডিজি আইজিপি পলিসি থেকে এডিজি আইজিপি আর্ম পুলিশের দায়িত্ব
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এডিজি এসটিএফ থেকে এডিজি আইজিপি অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত দায়িত্বে
আইপিএস আনন্দ কুমারকে এডিজি লিগালের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি, আইজিপি পলিসির দায়িত্ব দেওয়া হয়েছে
আইজিপি-টু সিআইডি শঙ্খশুভ্র চক্রবর্তীকে আইজিপি সাইবার সেলের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে
এই রদবদলকে কেউ কেউ দেখছেন এক অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার প্রয়াস হিসেবে, আবার কেউ বলছেন, রাজীব কুমারের ওপর সরকারের আস্থা এখনও অটুট থাকলেও, তাঁকে আরও বেশি গুরুত্ব দিয়ে শুধুমাত্র পুলিশ প্রশাসনের শীর্ষ পদেই মনোনিবেশ করতে দিতে চাইছে নবান্ন। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত এই রদবদলের কোনও কারণ প্রকাশ করা হয়নি। প্রশাসনের শীর্ষকর্তাদের রদবদল নিয়ে নানামহলে কৌতূহল তৈরি হলেও রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, এটি রুটিন রদবদল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?