Home » ‘দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম…’, দল ও পরিবার থেকে তেজ প্রতাপকে ত্যাজ্য করলেন লালু

‘দল ও পরিবার থেকে ত্যাজ্য করলাম…’, দল ও পরিবার থেকে তেজ প্রতাপকে ত্যাজ্য করলেন লালু

সময় কলকাতা ডেস্ক:- আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল)-র প্রধান এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে দল ও পরিবার থেকে বহিষ্কার করেছেন। আগামী ছয় বছরের জন্য পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে। এই সিদ্ধান্ত কার্যত একঘরে করে দিয়েছে তেজ প্রতাপকে। পরিবারের অন্য সদস্যরাও এই সিদ্ধান্তে লালুর পাশে দাঁড়িয়েছেন। ভাই তেজস্বী যাদব ও বোন রোহিনী আচার্য যাদবও জানিয়েছেন, তেজ প্রতাপ ‘সীমা ছাড়িয়েছেন।’

এক্স হ্যান্ডলে পোস্ট করে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন, নৈতিক অবক্ষয়ের কারণে তেজপ্রতাপকে আরজেডি থেকে বহিস্কার করা হল।

জানা গিয়েছে, এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তেজপ্রতাপ। যা অনুমোদন করেননি লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার। একজন জনপ্রতিনিধি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় ছেলেকে নিয়ে শোরগোল চরমে উঠেছে বিহারে। আর তারই মধ্যে এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন লালু প্রসাদ যাদব।

শনিবার হঠাৎ করেই ভাইরাল হয় লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদবের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতে দেখা যায়, লালু-পুত্র দাবি করছেন, যে ১২ বছর ধরে অনুষ্কা যাদবের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রয়েছে তাঁর।

অবশ্য, এই পোস্টকে ভুয়ো বলেই দাবি করেন তেজ প্রতাপ। তিনি জানান, ‘কেউ তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে এমন বিভ্রান্তিকর পোস্ট করেছেন। এর কোনও ভিত্তি নেই।’ তবে জল গড়াতে সময় লাগেনি বেশি। শনি থেকে রবির মধ্যেই এবার বড় কোপ এল বাবা লালু প্রসাদ যাদবের দলীয় সিদ্ধান্তে।

রবিবার রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদব তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেন এবং একইসঙ্গে তাঁকে পরিবার থেকেও প্রত্যাহার করেছেন। তার ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং পারিবারিক মূল্যবোধ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে এই বড় সিদ্ধান্ত নেন লালু প্রসাদ এমনটাই সোশ্যাল হ্যান্ডেলে ইঙ্গিত আরজেডি সুপ্রিমোর।
এই পরিস্থিতিতে তেজ প্রতাপ এর হয়ে ব্যাট করতে নেমেছেন বক্সারের সাংসদ শুখদেব সিং। শুকদেব সিং বিভিন্ন উদাহরণ দিয়ে বলেছেন একাধিক বিয়ে করা অন্যায় নয়। লালু প্রসাদের উচিত ছিল ছেলেকে এইভাবে বার না করে দেওয়া। স্বাভাবিকভাবে এই মন্তব্যে বিহারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

About Post Author