Home » ‘পরমাণু বোমা থাকবে না’, ‘চুক্তি সই, নয়তো মৃত্যু’, ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

‘পরমাণু বোমা থাকবে না’, ‘চুক্তি সই, নয়তো মৃত্যু’, ইরান গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

সময় কলকাতা ডেস্ক:-পরমাণু বোমা প্রায় হাতে পেয়ে যাচ্ছে ইরান, এই আশঙ্কায় শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অব স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়। হামলার খবর প্রকাশ্যে আসার পরেই চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, হয় চুক্তিতে সই করো, নয়তো মরো। পরমাণু নিরস্ত্রীকরণে ইরান সম্মত না হলে কী করা হবে তা নিয়েও হুমকি দিয়েছেন ট্রাম্প। তেহরানকে তিনি সাবধানবাণী শুনিয়ে বলেছেন, এরপরে কী হবে তা ঠিক করা হয়ে গিয়েছে। একেবারে সর্বশক্তিতে আক্রমণ হবে। পরমাণু চুক্তিতে রাজি না হলে, এর থেকেও নিষ্ঠুর হামলার জন্য তৈরি থাকতে হবে ইরানকে।

প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি করাতে একের পর এক সুযোগ দিয়েছেন। ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ওরা যা আঁচ করছে, তার থেকেও অনেক ভয়ঙ্কর কিছু ওদের জন্য অপেক্ষা করছে। এরমধ্যেই অনেক মৃত্যু ও ধ্বংস প্রত্যক্ষ করেছে ইরান। কিন্তু, আমেরিকা এটাকে কসাইখানায় পরিণত করে দেবে, তার জন্য সময় রাখা আছে।

ইতিমধ্যেই ঠিক করা হামলা হবে আরও ভয়ঙ্কর, যাতে সব শেষ হবে। ট্রাম্প আরও বলেছেন, ইরানের কট্টরপন্থীরা যারা এতদিন বাধা দিয়ে এসেছে, তারা সকলেই আজ মৃত। তেহরানকে শেষ হুমকির মতো বলেন, একেবারে দেরি হয়ে যাওয়ার আগে সই করুক ইরান। এরপর সেখানে আর কিছুই থাকবে না। ইরানি সাম্রাজ্য বলে একসময় যা বিখ্যাত ছিল, তাকে বাঁচিয়ে রাখুক ইরান।

ট্রাম্প আরও বলেছেন, ইজরায়েলি হামলার কথা তিনি আগেভাগে জানতেন। তেহরান কোনওভাবেই পরমাণু বোমা হাতে রাখতে পারবে না। ইজরায়েলও এই হামলার পর জানিয়েছে, পরমাণু কর্মসূচি বাতিল করা ছাড়া ইরানের সামনে এখন আর কোনও রাস্তা খোলা নেই।

About Post Author