Home » পহেলগাঁও কাণ্ডের দু’মাস কেটেছে ! দুমাসের মাথায় জানা গেল তিন জঙ্গির পরিচয়! জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ কাশ্মীরি

পহেলগাঁও কাণ্ডের দু’মাস কেটেছে ! দুমাসের মাথায় জানা গেল তিন জঙ্গির পরিচয়! জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২ কাশ্মীরি

সময় কলকাতা ডেস্ক:- গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু হয় মোট ২৬ জনের। আহত হন অন্তত ১৬ জন। ওই ঘটনার দু-মাসের মাথায় গ্রেফতার করা হল দুই আশ্রয়দাতাকে। তাঁদের মাধ্যমে জানা গেল জঙ্গিদের পরিচয়। পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় এবং সহায়তার অভিযোগে— পারভেজ আহমদ জোথার এবং বশির আহমদ জোথার নামে দু’জনে গ্রেফতার করে এএনআই।

এনআইএ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডে বড় সাফল্য। পারভেজ ও বশির নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে, যারা হামলাকারী তিন জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। ওই তিনজন পাকিস্তানি নাগরিক এবং নিষিদ্ধ লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সদস্য। পারভেজ ও বশিরকে গ্রেফতার করা হয়েছে ইউএপিএ আইনের ১৯ নম্বর ধারায়। পারভেজ পহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা। বসিরের বাড়ি হিল পার্কে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও বহু গুরুত্বপূর্ণ তথ্য, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা জানিয়েছেন, পারভেজ ও বশির নিজেরাই স্বীকার করেছে যে, পাহেলগাঁওয়ের হিল পার্ক এলাকায় এক মৌসুমি ঢোক-এ তিন সশস্ত্র জঙ্গিকে আশ্রয় দিয়েছিল তারা। শুধু আশ্রয়ই নয়, খাবার, যোগাযোগ ও অস্ত্র পরিবহণের মতো কাজে পুরোপুরি সাহায্যও করা হয়েছিল।

গত ২৩ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ঢুকে গুলি চালিয়েছিল চার জঙ্গি। হিন্দু পর্যটকদের ধর্ম জানতে চেয়ে কাছ থেকে গুলি করে হত্যা করেছিল তারা। প্রাণ গিয়েছিল ২৬ জন পর্যটকের। এনআইএ আরও বলেছে, এই হামলা ছিল ধর্মীয় পরিচয় দেখে নিশানা করার এক ভয়ঙ্কর উদাহরণ। শুধু তাই নয় সাম্প্রতিককালের অন্যতম নৃশংস জঙ্গি হামলা। পহেলগাঁও জঙ্গিহানায় পাক-যোগের কথা আগেই জানা গিয়েছে। ইসলামাবাদ শুরু থেকে তা অস্বীকার করলেও অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদলের সাতটি দল বিভিন্ন দেশে সফর করেছে। পহেলগাঁওয়ের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে ওঠে। এসবের মাঝেই হামলার দুমাসের মাথায় জানা গেল তিন জঙ্গির পরিচয়! জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ কাশ্মীরি।

About Post Author