Home » ক্ষতিপূরণ না দেওয়ার ছক? নিহতদের পরিবারকে ভয় দেখানোর অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে

ক্ষতিপূরণ না দেওয়ার ছক? নিহতদের পরিবারকে ভয় দেখানোর অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক:- আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন! আহত আরও বেশ কয়েকজন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সব দায়িত্বও নিয়েছে সংস্থা। অবশ্য সেটা এয়ার ইন্ডিয়ার মহানুভবতা নয়। বরং বাধ্যবাধকতা। আন্তর্জাতিক নিয়মেই বিমানসংস্থা দুর্ঘটনায় মৃতদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য করতে বাধ্য উড়ান সংস্থাগুলি।

কিন্তু অভিযোগ উঠছে, এয়ার ইন্ডিয়া ঘোষণার পরও বহু মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকাটা এখনও দেয়নি। উল্টে ফর্ম পূরণের জন্য এমন কিছু তথ্য দাবি করছে, যা গোপন এবং আর্থিকভাবে সংবেদনশীল। বিমান দুর্ঘটনার পর থেকেই ক্ষতিপূরণ নিয়ে নানা প্রশ্ন তুলছেন নিহতদের আত্মীয়রা।

তাঁদের অভিযোগ, পরিবারগুলির উপর চাপ সৃষ্টি করে ক্ষতিপূরণ সংক্রান্ত একাধিক কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বহু বিদেশি যাত্রী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ব্রিটেন ও আমেরিকার একাধিক ল’ফার্ম ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের তরফে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি শুরু করেছে। স্রেফ ব্রিটেনেরই ৪০টি পরিবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

তাঁদের স্পষ্ট দাবি, সে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন ও অসত্য। এয়ার ইন্ডিয়ার দাবি, কারও কাছে কোনও সংবেদনশীল নথি চাওয়া হয়নি। তবে আর্থিক সাহায্যের ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দরকার হয়। সেগুলি বাধ্যতই করতে হচ্ছে তাদের। টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া প্রথমে পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল। পরে আরও ২৫ লক্ষ টাকা তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেওয়ার কথা জানানো হয়।

কিন্তু নিহতদের পরিবার মনে করছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ আরও বেশি হওয়া উচিত। কিন্তু এরপরই তাঁদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

এদিকে, উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৪৭ জন মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরও ৫০টি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কোনও সংবেদনশীল তথ্য পরিবারগুলির কাছে চাওয়া হচ্ছে না বা কোনওভাবেই হেনস্তা করা হচ্ছে না।

এমনকী ইমেলের মাধ্যমে যাতে পরিবারগুলি আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে।

About Post Author