সময় কলকাতা ডেস্ক:- বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষ ছিলেন সফল নেতা। যদিও বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পদপ্রাপ্তির অনুষ্ঠানে ডাক পাননি দিলীপ ঘোষ। তা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। শুক্রবার নিউ টাউনে এই দিলীপ জোর গলায় দাবি করেন, ‘দিলীপ ঘোষ মার্কেটেই রয়েছে।’ সঙ্গে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন তিনি।
এই মুহূর্তে দলের অন্দরেই কোণঠাসা দিলীপ। নতুন রাজ্য বিজেপি সভাপতির জন্য আয়োজিত অনুষ্ঠানে ডাকা হয়নি তাঁকে। এর পরেই প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কী? তবে কি ২১ জুলাই তৃণমূল শহীদ মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে ?
এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘আমার সঙ্গে কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাসের আগে থেকে পরিচয় ছিল।
এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ দিলীপ ঘোষের বন্ধুত্ব এবং শত্রুতা ‘হাল্কা নয়’ বলেও মন্তব্য তাঁর।
দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনেও সস্ত্রীক দিলীপ ঘোষের হাজির থাকা নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই নেতার ব্যাখ্যা, তিনি কারও প্রতিনিধি হিসেবে সেখানে যাননি। তিনিও সাধারণ মানুষ হিসেবে ট্যাক্স দেন। আর আম আদমির করের অর্থে মন্দির তৈরি হয়েছে। ‘সম্মানীয় নাগরিক’ হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন বলেও জানান তিনি।
২১ জুলাইয়ের আগে নাকি দিলীপ ঘোষ বড় চমক দেবেন, এই নিয়ে তুঙ্গে চর্চা। এ দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ। ‘কল্পনা করতে তো আর পয়সা লাগে না। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দিচ্ছে। তারিখ পে তারিখ’, স্বমহিমায় বললেন এই নেতা। সঙ্গে তাঁর বার্তা, ‘এই করেই কিছু লোক মার্কেটে থাকে। দিলীপ ঘোষ তো মার্কেটে রয়েইছে।’


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের