সময় কলকাতা ডেস্ক:- উত্তর আটলান্তিক মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপরাষ্ট্র। নাম— ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সেই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি নেতাদের মধ্যে এই প্রথম— এই সম্মানে ভূষিত হলেন কোনও জননেতা। শুক্রবার তাঁকে ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ সম্মান প্রদান করেন সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু। মোদির হাতে এই সম্মান তুলে দেওয়া হয় ত্রিনিদাদ সফরের দ্বিতীয় দিন, রাজধানী পোর্ট অফ স্পেনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ইতিহাসে এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া হল। স্বাভাবিক ভাবেই এই অর্জনকে ঐতিহাসিক বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক।
সম্মান পাওয়ার পরে মোদি জানান, তিনি এই পুরস্কার উৎসর্গ করছেন দেশের ১৪০ কোটি ভারতবাসীকে। এই সম্মানের সঙ্গে আরও একটি নজির গড়লেন প্রধানমন্ত্রী। এটাই মোদির ২৫তম আন্তর্জাতিক সম্মাননা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া, ফ্রান্স, ফিজি-সহ একাধিক দেশের তরফে এর আগে নানা মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে ভারতের সম্পর্ক যে কেবল কূটনৈতিক স্তরে আটকে নেই, তা ফের স্পষ্ট হল এই সফরে। ১৩ লক্ষ জনসংখ্যার এই দেশে প্রায় ৪৫ শতাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। তাদের মধ্যে অনেকেই বিহার ও উত্তরপ্রদেশের ভোজপুরি অঞ্চলের বাসিন্দাদের উত্তরসূরি। সেই ঐতিহ্য তুলে ধরেই মোদির বক্তৃতায় বারবার উঠে এসেছে বিহার, বিশেষত বক্সার জেলার কথা। কারণ, ত্রিনিদাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কমলা পারসাদ বিশ্বেশ্বরের পূর্বপুরুষও ছিলেন বিহারেরই বাসিন্দা। অনুষ্ঠানে ত্রিনিদাদের বর্তমান নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা করে তাঁকে ‘বিশ্বের অন্যতম দূরদর্শী এবং সম্মানিত রাষ্ট্রনেতা’ বলে অভিহিত করেছেন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি