সময় কলকাতা ডেস্ক:- জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। সোমবার নিউ টাউনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘২১ জুলাইয়ে আমি কোনও না কোনও মঞ্চে থাকবই।’ বিজেপি নেতা দিলীপের ‘ফুল বদল’-এর জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ে তাঁর এই মন্তব্য শোরগোল ফেলে দিল নতুন করে।
২১ জুলাই তৃণমূলের আয়োজিত শহিদ দিবসে বড় কোনও রাজনৈতিক চমক থাকে। অতীতে দেখা গিয়েছে, শহীদ মঞ্চে বিভিন্ন অন্য দলের নেতাদের তৃণমূলে যোগদান করতে। এবার জল্পনার কেন্দ্রে দিলীপ ঘোষ। তিনি কি দলবদল করবেন? একাধিকবার এই দাবি নাকচ করে দিয়েছিলেন বিজেপি নেতাই। কিন্তু ২১ জুলাই যত কাছে আসছে, ততই দিলীপের বক্তব্য নিয়ে সাসপেন্স তৈরি হচ্ছে।
এ দিন দিলীপ আরও বলেন, ‘২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের উত্তর মিলবে।’ তাঁর ঘনিষ্ঠ একাংশের অবশ্য দাবি, ‘দাদা হয়তো দলেরই কোনও অনুষ্ঠানে থাকার কথা বলেছেন।’ যদিও এত সহজে বিষয়টি মানতে পারছেন না অনেকেই। ১৪ দিন পরে কী ঘটবে? এখন সেই দিকে নজর বঙ্গ রাজনৈতিক মহলের।
২১ জুলাইয়ের দিনে তাঁকে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কি না, তা নিয়ে সোমবার সংবাদমাধ্যমের প্রতিনিধিরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে দিলীপের জবাব, ‘কোনও না কোনও মঞ্চে আমি ২১ তারিখ থাকবই। দেখা যাক, ২১ তারিখ আসুক।’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, দিলীপ বরাবর স্পষ্ট কথার মানুষ। উত্তর হ্যাঁ বা নাতেই সাধারণত দিয়ে থাকেন। কিন্তু এই ফুলবদলের জল্পনায় তিনি যে ভাবে একের পর এক মন্তব্য করছেন, তাতে চর্চা আরও বাড়ছে। যদিও গত দু’দিন ধরেই তিনি দলবদলের জল্পনা খারিজ করেছেন। সে ক্ষেত্রে ২১ জুলাই কোন মঞ্চে থাকার কথা বলছেন দিলীপ? উঠছে প্রশ্ন।


More Stories
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!