সময় কলকাতা ডেস্ক:- ফের ভারতে নাশকতার ছক? ২৬/১১-র স্মৃতি উস্কে মহারাষ্ট্র উপকূলে দেখা মিলল রহস্যজনক বিদেশি নৌকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র উপকূলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে বম্ব স্কোয়াডকেও। যদিও এটাই ২৬/১১-এর পর প্রথমবার নয়। ২০২৩ সালেও মহারাষ্ট্র উপকূলে ভারতীয় জল সীমানায় একটি রহস্যজনক বোট ভাসতে দেখা যায়। উপকূল রক্ষী বাহিনী সেটিকে ঘিরে ফেলে তল্লাশি চালায়।
তল্লাশীর সময় বোটে কাউকে না পাওয়া গেলেও বোট থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি একে-৪৭ রাইফেল এবং বুলেট। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকেই মুম্বাই শহরসহ গোটা মহারাষ্ট্র উপকূল কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রতিনিয়ত উপকূল রক্ষী বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে।
এবার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নৌকাটি অন্য কোনও দেশের। স্রোতের সঙ্গে ভেসে মহারাষ্ট্র উপকূলের কাছে চলে আসে সেটি। যদিও নৌকাটি পাকিস্তানের বলে খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তা আঁটোসাটো করা হয়। নৌবাহিনীর কর্তারা জানিয়েছেন, ভেসে আসা নৌকাটি পাকিস্তানের মাছ ধরার নৌকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে নৌকার ভিতরে কারা রয়েছেন বা নৌকার মধ্যে কী রয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সূত্রের খবর, রবিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদান্ডা উপকূলের কাছে একটি নৌকা ভেসে আসতে দেখা যায়। উপকূল নিরাপত্তা বাহিনীর নজরে আসতেই নিরাপত্তা জোরদার করা হয়। জানা গিয়েছে, নৌকাটি আকারে বেশ বড়। তবে সেটি কেন রায়গড় উপকূলে এল তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এই ঘটনার পর রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল-সহ উদ্ধর্তন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে উপকূল রক্ষী বাহিনীর উদ্ধর্তন আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, ভারী বৃষ্টিপাত ও হাওয়ার কারনে নৌকাটির কাছে যাওয়া সম্ভব হয়নি। ফলে নাশকতার আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে উপকূল জুড়ে বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা করার আগে আজমল কাসভ-সহ ১০ জঙ্গি জলপথে ভারতে প্রবেশ করে। মূলত পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া এই জঙ্গিরা ‘সমুন্দ্র জেহাদি’ নামে পরিচিত। ২০০৮ সালের ২৬ নভেম্বর সেই কালো দিন এখনও তাজা দেশবাসীর মনে। সেই ঘটনার স্মৃতি উস্কে ফের মহারাষ্ট্র উপকূলে দেখা মিলল রহস্যজনক নৌকার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর