Home » ‘যদিও দেরিতে, তবু সে আসিবে…’ ‘ভারতের সাথে চুক্তি প্রায় করে ফেলেছি’, শুল্করফা নিয়ে ঘোষণা ট্রাম্পের; কবে সুরাহা নয়াদিল্লির?

‘যদিও দেরিতে, তবু সে আসিবে…’ ‘ভারতের সাথে চুক্তি প্রায় করে ফেলেছি’, শুল্করফা নিয়ে ঘোষণা ট্রাম্পের; কবে সুরাহা নয়াদিল্লির?

সময় কলকাতা ডেস্ক:- কথায় বলে, বেটার লেট দ্যান নেভার। তাই দেরি করে হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ থেকে মুক্তি পেতে পারে ভারত। সোমবার রাতে একপ্রস্থ কড়া ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, একাধিক দেশের উপর শীঘ্রই চাপানো হবে অতিরিক্ত আমদানি শুল্ক। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলির উপর। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ – তালিকা ছোট নয়। তবে সেই ঘোষণার মধ্যেই ট্রাম্প জানান, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করার খুব কাছে পৌঁছে গিয়েছে আমেরিকা।

ট্রাম্পের এই কথায় স্পষ্ট, ট্রাম্পের অতিরিক্ত করের বোঝা ভারতের উপর চাপবে না। আসলে, সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে, তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকসকে আমেরিকাবিরোধী বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, চিন, ব্রাজিলের পাশাপাশি ভারতও এই ব্রিকস-এর সদস্য।

তবে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরেছে চিন। তাই বেজিংয়ের উপর ট্রাম্পের শুল্কবাণের খাঁড়া পড়বে না।

কিন্তু এশিয়ার আরও দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। সোমবার এই কথা জানিয়ে দেওয়া হয়েছে এই দেশগুলিকে। শুল্কের ঘোষণা করতে গিয়েই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্রিটেন, চিনের সঙ্গে আমেরিকা চুক্তি করে ফেলেছে। ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত। অন্যদের সঙ্গেও আলোচনা চলছে, তবে তাদের সঙ্গে চুক্তি করাটা সম্ভব নয়।

তাই তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে কতখানি শুল্ক চাপানো হবে। ন্যায্য কারণ থাকলে অবশ্যই আমেরিকা দেশগুলির শুল্কের হার নিয়ে বিবেচনা করবে।

তবে ট্রাম্পের আশ্বাস, অনৈতিকভাবে কোনও দেশের উপর কর চাপানো হবে না। আসলে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প শুল্কযুদ্ধকে হাতিয়ার করে তুলেছেন। ভারতকেও পড়তে হয়েছিল সেই জালে। পারস্পরিক শুল্ক নীতির আওতায় ভারতের পণ্যের উপর চাপানো হয় ২৬ শতাংশ পর্যন্ত কর। সেই রফারই মেয়াদ শেষ মঙ্গলবার। সেই রাস্তায় হাঁটতেই দু’দেশের মধ্যে শুরু হয় আলোচনা, যার শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছে দুই রাষ্ট্র। কয়েকদিনের মধ্যে কি জট কেটে বাণিজ্যচুক্তি হবে দুই দেশের? তুঙ্গে চর্চা।

About Post Author