Home » বাংলায় এসআইআর-র ঘোষণা এখনও হয়নি! এসআইআর প্রসঙ্গে বললেন সিইও

বাংলায় এসআইআর-র ঘোষণা এখনও হয়নি! এসআইআর প্রসঙ্গে বললেন সিইও

সময় কলকাতা ডেস্ক:- বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আগস্টের শুরুতেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে। এসবের মাঝেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হল। শনিবার নজরুল মঞ্চে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সেখানে চারটি জেলার অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, সুপারভাইজাররা প্রশিক্ষণের জন্য অংশ নেন। এই প্রশিক্ষণে স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থ্যাত্ এসআইআর নিয়েও যে ট্রেনিং দেওয়া হবে কর্মীদের, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক বেধেছে। লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই অবস্থায় এসআইআর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাংলায় ভোটার তালিকা সংশোধনের সময় কারও নাম বাদ পড়লে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় শমিবার নজরুল মঞ্চে বিএলও-দের প্রশিক্ষণ দেওয়া হল। বিএলও-দের ট্রেনিং সংক্রান্ত একটি বই দেওয়া হয়। তাতে উল্লেখ রয়েছে, এসআইআর হলে বিএলও-দের ভূমিকা কী হবে। তাহলে কি সত্যিই এসআইআর নিয়েও ট্রেনিং দেওয়া হচ্ছে বিএলও-দের? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, এসআইআর তো ভবিষ্যতে হতেই পারে। ট্রেনিং তো বারবার হবে না।

এসআইআর কখন হবে, সেটা জাতীয় নির্বাচন কমিশন জানাবে বলে সাফ জানিয়ে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

আসলে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন।

তাই, এসআইআর হলে এই ট্রেনিং-এর অনেক সুবিধা পাবেন বিএলও-রা। বাংলায় এখনও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর ঘোষণা আনুষ্ঠানিকভাবে করেনি নির্বাচন কমিশন।

তবে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে কর্মীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেজন্য প্রস্তুত থাকতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবারই জানা গিয়েছিল, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যজুড়ে ট্রেনিং শেষ হবে বিএলও-দের। শুক্রবার পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়েছে, শনিবার কলকাতায় ট্রেনিং। রবিবার ট্রেনিং মেদিনীপুরে, সোমবার জলপাইগুড়িতে।

সূত্রের খবর, আগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে।

About Post Author