Home » বর্ষায় বৃক্ষরোপণে ব্যস্ত মেয়র ফিরহাদ, কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ

বর্ষায় বৃক্ষরোপণে ব্যস্ত মেয়র ফিরহাদ, কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ

সময় কলকাতা ডেস্ক:- বর্ষার মরসুমে শহরজুড়ে সবুজায়নের উদ্যোগে নেমেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বাইপাসের অ্যাপোলো হাসপাতালের উল্টো দিকে রাস্তার মাঝে এবং ফুটপাতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন মেয়র পরিষদের সদস্য দেবাশীষ কুমার, বরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউত ও স্থানীয় কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, “আমফানে পড়ে যাওয়া ১৫ হাজার গাছের বদলে পুরসভা ইতিমধ্যেই ২০ হাজার গাছ লাগিয়েছে। পরিবেশ রক্ষায় পুরসভা লাগাতার উদ্যোগ নিচ্ছে।”

সাংবাদিকদের প্রশ্নে বিতর্কিত মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে “অপদার্থ” বলে কটাক্ষ করেন তিনি। বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে বলেন, “দু’চারজন হয়তো পেটের দায়ে এসেছে, কিন্তু এটা তো সীমান্তের দায়িত্ব। বিএসএফ যদি সামলাতে না পারে, তার দায় কেন্দ্রের।”

তবে ভাঙড় পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মেয়র সরাসরি মন্তব্য এড়িয়ে যান। শহরের জলবায়ু ও পরিবেশ উন্নয়নে পুরসভার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সবুজ শহর গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য বলে জানান ফিরহাদ।

About Post Author