সময় কলকাতা ডেস্ক:- আরজি কর কাণ্ডের ১ বছর পূর্ণ হয়েছে শনিবার। সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় শনিবার। তবে অভিযান রুখতে অনেক আগে থেকেই তৎপর ছিল পুলিশ। ধর্মতলা থেকে শুরু করে নবান্ন চত্বর, সাঁতরাগাছিতে ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর ব্যবস্থা করা হয়। আর সেই ব্যারিকেড সরাতেই উদ্যত হয় প্রতিবাদীরা। ইট দিয়ে আঘাত, ব্যারিকেড টপকানোর চেষ্টা চলে!
নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল সাঁতরাগাছি। সেখানে প্রাচীর সমান পুলিশি ব্যারিকেড সরিয়ে নবান্নর দিকে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, প্ল্যাকার্ড ছোড়ার ঘটনাও ঘটেছে।
তবে আদতে ব্যারিকেড টপকাতে না পেরে শেষে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সকাল থেকে ইট দিয়ে আঘাত করে সাঁতরাগাছির পুলিশি ব্যারিকেডের ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। আর মিছিল রুখতে ব্যারিকেডের ওপারে জলকামান, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি ছিল পুলিশ। ‘দফা একা, দাবি এক – মমতার পদত্যাগ’, এই স্লোগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, প্ল্যাকার্ড ছোড়ার ঘটনা ঘটে তখনই। কিন্তু শত চেষ্টা করেও পুলিশের ওই ব্যারিকেড টপকাতে পারেনি কেউ।
তবে ব্যারিকেডে বাধা পেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। নবান্ন অভিযান ঠেকাতে সাঁতরাগাছি সহ বাকি যে সব জায়গায় ব্যারিকেড দেওয়া হয়, সেগুলি তৈরিতে বিপুল পরিমাণ সিমেন্ট, লোহার বিম এবং মোটা লোহার রড ব্যবহার করা হয়েছে, যাতে এগুলো ভাঙা, বাঁকানো বা সরানো প্রায় অসম্ভব। তার কারণও রয়েছে।
এর আগে একবার বিজেপির ডাকা নবান্ন অভিযানের সময়ে গলিপথ ধরে আন্দোলনকারীরা প্রায় নবান্নের দোরগোড়ায় পৌঁছে গেছিলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই চেষ্টায় করে পুলিশ। শনিবার সকাল থেকে সাঁতরাগাছির মতো হাওড়া ময়দান, পার্কস্ট্রিট অঞ্চলেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এক বছর আগে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ছাত্রী খুনের বিচার দাবিতে নাগরিক সমাজ ও ছাত্র সংগঠনগুলো ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয়। তবে, এই আন্দোলনকে ঠেকাতে সকাল থেকে প্রশাসন একেবারে প্রস্তুত ছিল।
এবারের নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন ও শক্তিশালী, যা এক কথায় ‘দুর্গে’ পরিণত করে নবান্নকে।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?