Home » অসুস্থ আরজি করের নির্যাতিতার মা! নিয়ে যাওয়া হয় হাসপাতালে

অসুস্থ আরজি করের নির্যাতিতার মা! নিয়ে যাওয়া হয় হাসপাতালে

সময় কলকাতা ডেস্ক:- শনিবার আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিকে দিকে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রথম থেকেই নবান্ন অভিযান আটকাতে বিভিন্ন দিকে ব্যারিকেড করে। কোথাও কোথাও আবার জলকামানের ব্যবস্থাও করা হয়। সময়ের সাথে সাথে সব বদলে বদলে যায়। বদলে যায় ভাবনা। নবান্ন অভিযান রুখে দিতে প্রশাসনের নিরাপত্তা নিশ্ছিদ্র করার ভাবনা ও কৌশলও যে সময়ের সঙ্গে বদলে গেছে, শনিবার তা দেখা যায় কলকাতা-হওড়ায়। সকাল ১১টার পর থেকে শুরু হয় জমায়েত। ডোরিনা ক্রসিং, সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজের চারপাশে কিছু জমায়েত হয়। বেলা ১টার কিছু আগে ডোরিনা ক্রসিং থেকে মিছিল শুরু হয় নবান্নের উদ্দেশে। সেই মিছিলে ছিলেন নির্যাতিতার বাবা-মা।

নবান্ন অভিযান শুরুর পরই পার্কস্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়ই অভিযোগ ওঠে, পুলিশ লাঠিচার্জ করার সময় নির্যাতিতার বাবা-মাকেও মারধর করে। পরে আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা নিজেরা জানান, মারের কথা। নির্যাতিতার মা অভিযোগ করেন, তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে রেসকোর্সে চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তাঁরা। তবে নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ায় সেই অবস্থান উঠে যায়। জানা যায়, অবস্থানে থাকাকালীনই অসুস্থ বোধ করছিলেন নির্যাতিতার মা। আন্দোলনকারীরাই তাঁকে জল দেন। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলেও দেওয়া হয়নি।

ফলে নির্যাতিতার মায়ের অসুস্থতা না কমায়, তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ শুরু হতেই নির্যাতিতার বাবা-মা বলেছিলেন, পুলিশ প্রথম থেকেই তাঁদের আটকানোর চেষ্টা করেছে। কার্যত চোর-পুলিশ খেলে তাঁদের নবান্ন অভিযানের জন্য আসতে হয়েছে। পরে পুলিশের উদ্দেশে নির্যাতিতার বাবার প্রশ্নও ছিল, হাইকোর্ট আমাদের অনুমতি দিয়েছে, তাহলে আটকাচ্ছেন কেন? আটকানোর জেরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক শুরু হয়। কিছুক্ষণ পর নির্যাতিতার বাবা-মা সরাসরি পুলিশের ব্যারিকেডে উঠে পড়েন। রেসকোর্সের কাছে পুলিশ ব্যারিকেডে সেখানেই আটকে যান তাঁরা। যদিও, পুলিশ যাবতীয় অভিযোগ অস্বীকার করে। পাশাপাশি এও জানায়, তাঁদের একাধিক অফিসারও আহত।

About Post Author