Home » আলাস্কায় পুতিনের সাথে মুখোমুখি বৈঠকে ট্রাম্প, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কী অবশেষে থামবে?

আলাস্কায় পুতিনের সাথে মুখোমুখি বৈঠকে ট্রাম্প, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কী অবশেষে থামবে?

সময় কলকাতা ডেস্ক:- ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে বের করতে আলোচনার জন্য ১৫ আগস্ট শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ মার্কিন প্রেসিডেন্টই এই ঘোষণা করেছেন। ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো ও কিভের কাছে তিনি বিশেষ ডিল বা চুক্তিও উপস্থাপন করার ইঙ্গিত দেন। আর তাঁর এই ঘোষণার পর থেকেই সবার নজর এখন এই বৈঠকের দিকেই।

কারণ এই বৈঠকের দ্বারা শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ নয় বরং পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রাম্পের শুল্ক নীতিতেও। যদিও ক্রেমলিন এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের দিন বা স্থান নিশ্চিত করেনি। এদিকে ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে উদ্যোগী, সেখানেই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

এরপরই ভারত এই পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট ভাষায় জানিয়েছেন—ভারত তার কৃষক, জেলে এবং দুগ্ধচাষীদের স্বার্থে আপোস করবে না, প্রয়োজনে ‘চরম মূল্য দিতে হলেও’। ফলে আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্প–পুতিন বৈঠক ভারতের জন্যও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—তা সে যুদ্ধবিরতির প্রশ্নে হোক বা শুল্ক নীতি এবং ভারত–আমেরিকা ও ভারত–রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কের সমীকরণে। এর আগে তিন বার রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ট্রাম্প।

কিন্তু কোনও আলোচনাই সেভাবে কার্যকর হয়নি। গত মাসেই সংঘর্ষবিরতিতে রাজি হলেও, রাশিয়া তার আগ্রাসন, গোলাগুলি হামলা বন্ধ করেনি।

এই পরিস্থিতিতে আলাস্কায় এই বৈঠক ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। শেষবার কোনো মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ২০২১ সালে, সুইজারল্যান্ডের জেনেভায়—তখন ছিলেন জো বাইডেন।

About Post Author